Published : 05 Feb 2026, 10:54 AM
নিয়মের খাড়ায় লিগ কাপ ফাইনালে মার্ক গেয়িকে পাবে না ম্যানচেস্টার সিটি। তবে শিরোপার লড়াইয়ে এই ডিফেন্ডারকে পেতে মরিয়া পেপ গুয়ার্দিওলা। ওই নিয়মেরই তাই পরিবর্তন চান ম্যানচেস্টার সিটি কোচ।
দুই লেগ মিলিয়ে নিউক্যাসল ইউনাইটেডকে উড়িয়ে ইংলিশ লিগ কাপের ফাইনালে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে বুধবার তারা জিতেছে ৩-১ গোলে। প্রথম লেগে গুয়ার্দিওলার দল জিতেছিল ২-০ গোলে।
সেই প্রথম লেগটি যখন হয়, গেয়ি তখনও ক্রিস্টাল প্যালেসের ফুটবলার। পরে তিনি পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। নতুন দলের হয়ে অভিষেকও হয়ে গেছে তার। তবে লিগ কাপের নিয়ম অনুযায়ী এই টুর্নামেন্টে তিনি সিটির জার্সিতে খেলতে পারবেন না, কারণ প্যালেসের হয়ে এই মৌসুমে তিনি খেলেছেন এই আসরে।
ফাইনাল নিশ্চিত করার পর গুয়ার্দিওলা বললেন, এই নিয়ম তার কাছে বোধগম্য নয়।
“কেন সে খেলতে পারবে না? কেন পারবে না! আমরা তার বেতন দেই, সে আমাদের ফুটবলার। অনেক অর্থ খরচ করে একজন ফুটবলারকে দলে নিতে হয়। এরপর এমন এক আইনের কারণে সে খেলতে পারবে না… যেটি আমি বুঝিই না।”
নিয়মটি পরিবর্তনের উদ্যোগ নিতে ক্লাবকে তিনি তাগিদ দিয়েছেন বলেও জানালেন ম্যানচেস্টার সিটি কোচ।
“আশা করি, তারা নিয়ম পরিবর্তন করবে। আমি ক্লাবকেও বলেছি, তারা যেন অবশ্যই চেষ্টা করে। আশরা করি, আমরা কারাবাও কাপকে (কর্তৃপক্ষকে) বোঝাতে পারব যেন মার্ক ফাইনালে খেলতে পারে।”
আগামী ২২ মার্চ ফাইনালে গুয়ার্দিওলার দল লড়বে মিকেল আর্তেতার আর্সেনালের সঙ্গে।