১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাবেক দলকে আরও পেছনে ঠেলেই এগিয়ে যেতে চান রাইস

ডেক্লান রাইসের বর্তমান দল আর্সেনালের সামনে শিরোপার হাতছানি আর সাবেক দল ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডের টিকে থাকার লড়াই।

সাবেক দলকে আরও পেছনে ঠেলেই এগিয়ে যেতে চান রাইস
ডেক্লান রাইস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 11:00 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেডের বর্তমান পরিস্থিতি একদমই ভালো নয়। নিজের সাবেক দলের এমন দশা পোড়াচ্ছে ডেক্লান রাইসকে। তবে, পেশাদারিত্বের খাতিরে বর্তমান দলকে সাফল্যের চূড়ায় তুলতে ওয়েস্ট হ্যামকে আরও পেছনে ঠেলে দিতে প্রস্তুত আর্সেনাল মিডফিল্ডার।

ইংলিশ প্রিমিয়ার লিগে আগামী রোববার ওয়েস্ট হ‍্যামের মুখোমুখি হবে আর্সেনাল। এই ম‍্যাচে জিতলে শিরোপা লড়াইয়ে আরেক ধাপ এগিয়ে যাবে মিকেল আর্তেতার দল। 

অন‍্যদিকে, ওয়েস্ট হ‍্যামেরও ৩ পয়েন্ট খুব প্রয়োজন। পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে আছে তারা। উলভারহ‍্যাম্পটন ও বার্নলির পর তাদের সামনেও দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা।

আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল, ২০ বছর পর। ম‍্যাচ শেষে অ‍্যামাজন প্রাইম স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় নিজের সাবেক ক্লাব ওয়েস্ট হ‍্যামের সঙ্গে আসন্ন লড়াই নিয়েও বলেন রাইস।

“এই ক্লাব আমাকে সবকিছু দিয়েছে। ওয়েস্ট হ‍্যাম ছাড়া আমার অস্তিত্ব থাকত না এবং আমি সত‍্যিই এটা বিশ্বাস করি। তারা আমাকে সুযোগ দিয়েছিল, যখন চেলসি দেয়নি এবং সেখানে অনেকে আমার এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছিল।”

“ডেভিড ময়েস, স্লাভানে বিলিচ, মানুয়েল পেল্লেগ্রিনি আমাকে অধিনায়ক বানিয়েছিলেন। ক্লাবটি সম্পর্কে অনেক ভালো ব‍্যাপারে আছে। তারা যে অবস্থায় আছে, দেখতে মোটেও ভালো লাগছে না। তবে এটা ফুটবল এবং আগামী রোববার আমাকে আমার কাজ করতে হবে।”

৩৫ ম‍্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্সেনাল। তাদের সামনে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের হাতছানি। এক ম‍্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম‍্যানচেস্টার সিটি। 

আর ৩৫ ম‍্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে আছে ওয়েস্ট হ‍্যাম। টানা দুই জয়ে তাদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে গেছে টটেনহ‍্যাম হটস্পার। 

এই পরিস্থিতিতে দুই দলই যে নিজেদের উজাড় করে দেবে, তা নিয়ে কোনো সংশয় নেই রাইসের। 

“আমরা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের চেষ্টা করছি এবং মৌসুমে শেষ পর্যন্ত এটাই আমাদের মূল কাজ। তাই আমরা প্রতিটি ম‍্যাচ জিততে চাই। আমি নিশ্চিত, তারাও প্রতিটি ম‍্যাচ জিততে চাইবে। তাই আশা করি, সেরা দল জয় পাবে।”