১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শুরুটা শিরোপায় রাঙিয়ে আরও উন্নতির প্রতিশ্রুতি কিংসের আর্জেন্টাইন কোচের

বসুন্ধরা কিংসের কোচ হিসেবে প্রথম ম্যাচেই শিরোপা জয়ের তৃপ্তি সঙ্গী হয়েছে দলটির আর্জেন্টাইন কোচ মারিও গোমেসের।

শুরুটা শিরোপায় রাঙিয়ে আরও উন্নতির প্রতিশ্রুতি কিংসের আর্জেন্টাইন কোচের
চ্যালেঞ্জ কাপ জয়ের উচ্ছ্বাস বসুন্ধরা কিংসের। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

বসুন্ধরা কিংসের কোচ হিসেবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দাঁড়ালেন ডাগআউটে। লড়াইয়ের নানা বাঁক পেরিয়ে জিতলেন চ্যালেঞ্জ কাপ। নতুন যাত্রায় এমন সূচনায় স্বাভাবিকভাবে দারুণ উচ্ছ্বসিত মারিও গোমেস। শিরোপা জয়ের তৃপ্তি নিয়ে বললেন, নতুন মৌসুমে বেড়ে উঠবে তার দল।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে চ্যালেঞ্জ কাপের মুকুট ধরে রাখে কিংস। 

অস্কার ব্রুসনের বিদায়ের পর ভ্যালেরি তিতের হাত ধরে সাফল্যের ধারায় থাকতে পারেনি কিংস। মাঝে ব্রাজিলিয়ান কোচ সের্জিও ফারিয়াসের দলটির হাল ধরার কথা শোনা গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি মত বদলে দায়িত্ব নেন ইরাকের ক্লাবের। এরপর দলটির কোচ হয়ে আসেন গোমেস। এসেই সাফল্য মেলায় খুবই খুশি ৬৮ বছর বয়সী এই আর্জেন্টাইন।

“সবটুকু নিংড়ে দেওয়ায় ছেলেদের নিয়ে আমি ভীষণ খুশি। ছেলেরা খুবই শক্ত মানসিকতার। দ্বিতীয়ার্ধে সোহেল রানার লাল কার্ডের পর ১০ জন নিয়েও ছেলেরা ১১ জনের দলের মতো খেলেছে। এটা ক্লাবের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

“ম্যাচটা কঠিন ছিল। কেননা, আমাদের প্রতিপক্ষও খুবই ভালো দল। তবে আমরা দৃঢ়তা, বুদ্ধিমত্তা দিয়ে খেলেছি, যেটা গুরুত্বপূর্ণ। যদিও আমরা খুবই ভালো দল, তবে ছেলেদের আরও পরিশ্রম করতে হবে। আমি মনে করি, নিশ্চিতভাবে আমরা আরও বেড়ে উঠতে পারি।”

বসুন্ধরা কিংসের কোচ মারিও গোমেস। ছবি: বাফুফে

বসুন্ধরা কিংসের কোচ মারিও গোমেস

গত মৌসুমে মোহামেডানে খেলা ইমানুয়েল সানডে এবার গায়ে তুলেছেন কিংসের জার্সি। সাবেক ক্লাবের বিপক্ষে গোলও পেয়েছেন তিনি। চ্যালেঞ্জ কাপ জয়ের আত্মবিশ্বাস আসছে প্রিমিয়ার লিগ মিশনে কাজে লাগবে বলে মনে করেন এই ফরোয়ার্ড।

“সমর্থকদের জন্য একটা ট্রফি জিতে আমরা মৌসুম শুরু করেছি। আমাদের জন্য খুবই ভালো ব্যাপার। আসলে লিগের জন্য এটা আমাদের আত্মবিশ্বাস দিবে।”

“ভালো একটা গোল করলাম। দোরিয়েলতনের অ্যাসিস্ট ছিল, সে দারুণভাবে অ্যাসিস্ট করল। গত মৌসুমে মোহামেডানে ছিলাম, এখন কিংসে। এটাই ফুটবল। এখন আমাকে কিংসের জন্য লড়তে হবে।”

মোহামেডানের জালে জোড়া গোল করা দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো কৃতিত্ব দিচ্ছেন পুরো দলকে।

“জিততে পেরে ভীষণ খুশি। আমি বলব না, এটা আমার কারণে এসেছে, দলীয় চেষ্টায় এসেছে। সবাই ঠিকঠাক নিজেদের কাজ করেছে। কোচ, সহকারী কোচ ভালো কাজ করেছে। আমি গোল করেছি বলে জয়টা এসেছে, তা নয়। আমাদের দলটাই ভালো খেলেছে।”