ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠানে পর্দা উঠল ইউরোর
মিনিট সাতেকের উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় মাঠের লড়াই।
নানা রঙের পোশাক পরে প্রায় ১০০ নৃত্যশিল্পী নাচলেন আর গাইলেন মিনিট সাতেক ধরে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠান বলতে স্রেফ এটুকুই! ছোট্ট আয়োজনে পর্দা উঠল মহাদেশীয় টুর্নামেন্টটির সপ্তদশ আসরের।
বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় শুক্রবার রাত পৌনে একটায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।
নাচ-গান শেষ হওয়ার পর ইউরোর ট্রফি মাঠে নিয়ে আসেন দুই ইউরো জয়ী জার্মান অধিনায়ক বের্নার্ড ডিটস ও ইয়ুর্গেন ক্লিন্সমান, তাদের মাঝে ছিলেন কিংবদন্তি ফ্রানৎস বেকেনবাউয়ারের স্ত্রী হাইডি। গত জানুয়ারিতে না ফেরার দেশে পাড়ি জমানো বেকেনবাউয়ারকে স্মরণ করা হয় এই আয়োজনে।
রাত একটায় শুরু হয় মাঠের লড়াই, স্বাগতিক জার্মানির বিপক্ষে মাঠে নামে স্কটল্যান্ড।
