২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি

নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে প্লে অফ ফাইনালে জায়গা করে নিল চারবারের সাবেক চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
ইতালিকে এগিয়ে নেওয়ার পর সান্দ্রো টোনালির উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 03:40 AM

Updated : 26 Aug 2026, 03:15 PM

নিষ্প্রভ পারফরম্যান্সে প্রথমার্ধের খেলা শেষে ইতালির খেলোয়াড়দের মাঠ ছাড়তে হলো দর্শকদের দুয়োধ্বনির মধ্য দিয়ে। বিরতির পর যেন তেতে উঠলেন সান্দ্রো টোনালি, মোইজে কিনরা। নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল চারবারের সাবেক চ্যাম্পিয়নরা।

বাছাইপর্বের প্লে অফ সেমি-ফাইনালে ঘরের মাঠে বৃহস্পতিবার রাতে ২-০ গোলে জিতেছে ইতালি।

দ্বিতীয়ার্ধে টোনালি দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান কিন।

চূড়ান্ত পর্বের টিকেট পেতে আগামী মঙ্গলবার প্লে অফ ফাইনালে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি।

এই প্লে অফ পর্বে ব‍্যর্থ হয়েই গত দুটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছিল ইতালিকে।

বল দখলে শুরু থেকে একচেটিয়া আধিপত্য করলেও, প্রথমার্ধে আয়ারল্যান্ডের গোলরক্ষকের খুব একটা পরীক্ষা নিতে পারেনি ইতালি। এই সময়ে লক্ষ্যে থাকা স্বাগতিকদের দুটি শট অনায়াসে ঠেকান গোলরক্ষক। 

প্রতিপক্ষের ভুলে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দারুণ এক সুযোগ পান ইতালির স্ট্রাইকার মাতেও রেতেগি। কিন্তু বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। একটু পর কিনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক।

পরের মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইতালি। ডান দিক থেকে মাত্তেও পলিতানোর ক্রস বক্সে হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি আয়ারল্যান্ডের এক ডিফেন্ডার। বক্সের সামনে থেকে বুলেট গতির হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন টোনালি।

৮০তম মিনিটে দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন টোনালি। তার ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ে শট নেন কিন, বল পোস্টে লেগে জালে জড়ায়।

ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে অফের আরেক ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ধাপে পৌঁছে গেছে রবের্ত লেভানদোভস্কির পোল্যান্ড। ফাইনালে পোলিশরা খেলবে সুইডেনের বিপক্ষে, যারা ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেইনকে। 

স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে কসোভো। ফাইনালে তাদের প্রতিপক্ষ তুরস্ক।

নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ডেনমার্ক ফাইনালে খেলবে চেক রিপাবলিক অথবা রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।