মেসির দুর্দান্ত গোলের পর শেষ সময়ের নাটকে ম্যাচ ড্র
বক্সের বাইরে থেকে দারুণ গোল করেন লিওনেল মেসি, তার আরও দুটি শট বাধা পায় গোলপোস্টে ও ক্রসবারে।
শেষ বাঁশির মাত্র পাঁচ সেকেন্ড বাকি তখন। চমৎকার এক থ্রু বল থেকে বক্সের ভেতর কোনাকুনি শট নিলেন রদ্রিগো দে পল। গোলকিপার ডাইভ দিলেও নাগাল পেলেন না। কিন্তু কখনও কখনও সামান্য ব্যবধানই অনেক বড়। গোলপোস্টের যে জায়গায় লাগল বল, সেখানে লেগে অনেক সময় বল ঢুকে যায় জালে, কিন্তু এবার চলে গেল বাইরে। ব্যস, ম্যাচের শেষ শট সেটিই। হতাশায় মাথা নুইয়ে গেল দে পল আর তার সতীর্থদের।
শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সঙ্গে ব্যবধান কমাতে জয়টা জরুরি ছিল ইন্টার মায়ামির। সেই সম্ভাবনাও জাগিয়েছিল লিওনেল মেসির গোল। অধিনায়ক নিজে গোল করেন বক্সের বাইরে থেকে। আরও দুই দফায় তার শট আটকে যায় গোলপোস্ট আর ক্রসবারে। এরপর শেষে দে পলের ওই শট। জয় আর পাওয়া হয়নি তাদের। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দলের ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার ভোরে শেষ হওয়া ম্যাচটিতে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-১ গোলে এগিয়ে ছিল মায়ামিই। কিন্তু যোগ করা সময়ে সমতা ফেরায় ন্যাশভিল।
ম্যাচের শুরু আর শেষে ন্যাশভিলের গোল দুটি করেন স্যাম সারিজ। চলতি লিগে এই ইংলিশ স্ট্রাইকারের গোল হলো ১৫টি।
মেসির গোল ছাড়া মায়ামির অন্য গোলটি আত্মঘাতী। এবারের লিগে আর্জেন্টাইন জাদুকরের গোল হলো এখন ১৯টি। মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৯৯টি।
মায়ামির মাঠে ম্যাচের শুরুটা বেশ গুছিয়ে করে ন্যাশভিল। গোলের দেখাও পায় দ্রুত। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। নিজেদের অর্ধ থেকে দুর্দান্ত এক লম্বা বল বাড়ান আন্দি নাহার। ইন্টার মায়ামির হাই-লাইন রক্ষরভাগের ওপর দিয়ে উড়ে যাওয়া বল দারুণভাগে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর ঢুকে কোনাকুনি শট নেন সারিজ। স্লাইড করা কাজেমিরোর পায়ে আলতো ছুঁয়ে বল জালে ঢুকে যায় মায়ামির গোলকিপারের দুই পায়ের ফাঁক গলে।
১৯তম মিনিটে রদ্রিগো দে পলের কাছ থেকে বল পেয়ে ন্যাশভিলের একজনকে কাটিয়ে আরও চারজনের মাঝ দিয়ে বক্সের বাইরে থেকে জোরাল শট নেন মেসি। বাঁদিকে ঝাঁপিয়ে রক্ষা করেন ন্যাশভিলের গোলকিপার।
সেখান থেকে পাওয়া কর্নারেই সমতায় ফেরে মায়ামি। মেসির কর্নারে মাথা ছুঁইয়ে বল বিপদমুক্ত করার চেষ্টায় নিজেদের জালে জড়িয়ে দেন ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটনিং।
৩৮তম মিনিটে কর্নার থেকে সারিজের হেড বেশ ওপর দিয়ে চলে যায়। পরের মিনিটেই মায়ামির রক্ষণভাগ ও গোলকিপারের ভুলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে শট নেন হ্যানি মুখতার। হেড করে বল বাইরে পাঠিয়ে মায়ামিকে রক্ষা করেন ইয়ানিক ব্রাইট।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোছানো ফুটবল খেলে বেশ কয়েকটি আক্রমণ করে মায়ামি। ৫০তম মিনিটে মায়ামি ও মেসির বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। নিজেদের অর্ধ থেকে চমৎকার ডিফেন্সচেরা পাস দেন কাজেমিরো। বক্সের বাইরে থেকে মেসি বল নিয়ে ঢুকে দুজনের মাঝ দিয়ে শট নেন। গতিময় সেই শট ফিরে আসে পোস্টে লেগে। ফিরতি বল উড়িয়ে মারেন রদ্রিগো দে পল।
৬২তম মিনিটে ন্যাশভিল আর পারেনি মেসিকে আটকে রাখতে। বক্সের বাইরে জটলার মধ্যেই দে পলের সঙ্গে ওয়ান-টু খেলে আচমকা বক্সের একটু বাইরে থেকে মাপা শটে গোলের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন নায়ক।
৭৪তম মিনিটে ন্যাশভিলের বিপজ্জনক এক আক্রমণে বক্সের ভেতর থেকে সারিজের ভলি ফিরে আসে কাজেমিরোর শরীরে লেগে।
দুই মিনিট পরই আবার গোলের সুবাস পেয়ে হারিয়ে ফেলে মায়ামি। বক্সের একটু বাইরে থেকে মেসি দারুণ এক পাস দেন সুয়ারেসকে। উরুগুয়ের স্ট্রাইকারের শট কোনোরকমে ফেরান ন্যাশভিলেন গোলকিপার। ফিরতি বলে মেসির শট বাধা পায় গোলপোস্টে।
গোল পরিশোধের চেষ্টায় শেষ দিকে মরিয়া হয়ে ওঠে ন্যাশভিল। এই সুযোগে পাল্টা আক্রমণে আবার গোলের সম্ভাবনা জাগায় মায়ামি। কিন্তু এবার সুবর্ণ সুযোগ হারান মেসি। সুয়ারেসের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে তিনি আগুয়ান গোলকিপারকেও কাটিয়ে ফাঁকা পোস্টে শট নেন। কিন্তু দারুণ রিফ্লেক্সে হেড করে দলকে সমূহ বিপদ থেকে রক্ষা করেন ন্যাশভিলের জেইসন পালাসিওস।
৯০ মিনিট শেষে যোগ করা হয় চার মিনিট। এর দ্বিতীয় মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় ন্যাশভিল। চমৎকার দলীয় আক্রমণ থেকে ভেতর ঢুকে কোনাকুনি শট নেন শাকুর মোহামেদ। মায়ামির গোলকিপার ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও বিপদমুক্ত করতে পারেননি। ছুটে আসা সারিজ আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে।
নাটকের বাকি ছিল তখনও। খেলার একদম শেষ সময়ে দে পলের সেই শট এবং মায়ামির আশাভঙ্গ, ন্যাশভিলের স্বস্তি।
ইস্টার্ন কনফারেন্সে দুই দলের পয়েন্টের ব্যবধান তাই রয়ে গেল ৯। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট ন্যাশভিলের, ৪৫ মায়ামির।
