১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সবচেয়ে কঠিন’ মৌসুমে এনরিকের শিরোপা জয়ের আনন্দ

লঁসের প্রবল চাপের সামনে দৃঢ়তা দেখানো দলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পিএসজি কোচ।

‘সবচেয়ে কঠিন’ মৌসুমে এনরিকের শিরোপা জয়ের আনন্দ
পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 11:29 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

গত মৌসুমে ছয় ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা জেতা পিএসজি এবার সেই স্বাদ পেল একেবারে শেষ সময়ে এসে। এতেই স্পষ্ট, কতটা কঠিন ছিল এবারের লিগ আঁ। চ্যাম্পিয়নদের কোচ লুইস এনরিকেও বললেন একই কথা। চ্যালেঞ্জিং সময় কাটিয়ে শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলতে পেরে ভীষণ খুশি তিনি।

লঁসের মাঠে বুধবার ২-০ গোলের জয় পায় পিএসজি। তাতে এক রাউন্ড বাকি থাকতে শিরোপা ধরে রাখা নিশ্চিত করে ফেলে তারা।

এনিয়ে টানা পঞ্চমবার ফরাসি ফুটবলের শীর্ষ লিগ জিতল পিএসজি। আর সবশেষ ১৪ আসরের মধ্যে ১২ বার এই স্বাদ পেল তারা। প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন আগে থেকেই তারা। ১৪তম ট্রফি জিতে সেটিকে আরও সমৃদ্ধ করল এনরিকের দল। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে মার্সেই।

শিরোপা নিশ্চিত করতে এদিন স্রেফ এক পয়েন্ট দরকার ছিল পিএসজির। তাদের জন্য কাজটি কঠিন করে তোলার চেষ্টা করে লঁস। একের পর এক আক্রমণে সফরকারীদের কোণঠাসাও করে রাখে তারা।

কতটা দাপুটে ছিল লঁস, পরিসংখ্যানেই ফুটে ওঠে। গোলের জন্য ২৫টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে তারা। যার আটটিই ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক মাতভেই সাফানভ। আর ১০ শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে পিএসজি।

লঁসের আক্রমণের ঝড় সামলে ২৯তম মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ইব্রাহিম এমবায়ে।

প্রবল চাপের ম্যাচে দল যে দৃঢ় মানসিকতা দেখিয়েছে, ম্যাচ শেষে সেটার উচ্ছ্বসিত প্রশংসা করেন এনরিকে।

“আজ আমাদের স্বাভাবিকের চেয়ে বেশি সময় রক্ষণ সামলাতে হয়েছে। তবে শিরোপা জিততে হলে, আক্রমণ ও রক্ষণ উভয় বিভাগেই আধিপত্য দেখানোর সক্ষমতা থাকতে হবে। জেতার জন্য যে মানসিকতা প্রয়োজন, দল আজ সেটাই দেখিয়েছে।”

মৌসুম জুড়ে এবার পিএসজিকে তাড়া করেছে লঁস। ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা দলটির এমন দারুণ পারফরম্যান্সের কারণে লিগ জয় এতটা কঠিন হয়েছে বলে মনে করেন এনরিকে।

“এটা আমাদের জেতা সবচেয়ে মধুর ও কঠিন শিরোপা। নিঃসন্দেহে এখানে কাটানো তিন বছরের মধ্যে এটাই সবচেয়ে কঠিন মৌসুম। কারণ লঁসও এবার দুর্দান্ত খেলেছে।”

“এই মৌসুমের কিছু নির্দিষ্ট মুহূর্ত, তারা কি ধরনের ম্যাচ জিতেছে এবং টানা কতগুলো ম্যাচ জিতেছে, আমার মনে আছে। এটা বেশ কঠিন ছিল। আমাদের সেই পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে।”

৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট পিএসজির। আগামী রোববার লিগে নিজেদের শেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির মুখোমুখি হবে তারা।

এরপর আগামী ৩০ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে লড়বে পিএসজি।