Published : 26 Dec 2025, 12:46 AM
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ-২০২৫ এর পুরুষ দ্বৈতে সকালের হাসি সন্ধ্যার সেশনেও ধরে রাখলেন গৌরব সিংহ, তানভীর ইসলাম, মিজানুর রহমানরা। এই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের দুই জুটি। ফলে সোনা ও রুপা দুটি পদকই উঠছে স্বাগতিকদের শোকেসে।
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালের সেশনে বাংলাদেশের তিন জুটি ওঠে পুরুষ দ্বৈতের সেমি-ফাইনালে। এদের মধ্যে আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি ঝরে গেছেন সেরা চার থেকে।
প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশের দুই জুটি। শুরুটা ভালো না হলেও গৌরব-তানভীর জুটি ১৯-২১, ২১-৮ ও ২১-১৫ পয়েন্টে জেতেন জুমার-অহিদুল জুটির বিপক্ষে।
আরেক সেমি-ফাইনালে লড়াই হয়েছে তুমুল। মিজানুর রহমান-রাহাতুন নাঈম জুটি ২-১ সেটে থাইল্যান্ডের কুল্লাপাত লোথং-তাছিন জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছেন।
প্রথম সেটে দারুণ লড়াই করেও ২১-১৭ পয়েন্টে হেরে যান মিজানুর-নাঈম। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ২১-১৩ পয়েন্টে জিতে সমতা ফেরান তারা। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে ২৫-২৩ ব্যবধানে জিতে ফাইনালের মঞ্চে ওঠেন মিজানুর-নাঈম জুটি।
শুক্রবার বেলা ২টায় পাঁচটি ইভেন্টের ফাইনাল খেলা শুরু হবে।
কদিন আগেই ব্যাডমিন্টনে দারুণ প্রাপ্তি হয়েছে বাংলাদেশের। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টরন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫ এর মিশ্র দ্বৈতে দেশকে রুপা এনে দেন আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি। পুরুষ দ্বৈতে জুমার ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে খেলবেন অহিদুলের সাথে।