১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির সামনে চেলসি

অন্তর্বর্তীকালীন কোচের হাত ধরে হতাশার মৌসুমে অন্তত একটা শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল দলটি।

এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির সামনে চেলসি
২০২২ সালের পর আবার এফএ কাপের ফাইনালে উঠল চেলসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2026, 10:18 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

প্রিমিয়ার লিগে ভীষণ বাজে পথচলার মাঝে এফএ কাপে দারুণ এক জয় পেল চেলসি। পারফরম্যান্সে তেমন কোনো উন্নতি না হলেও, ডাগআউটে প্রধান কোচ ছাড়াই লিডস ইউনাইটেডকে হারিয়ে প্রতিযোগিতাটির ফাইনালে উঠল দলটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার দ্বিতীয় সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে চেলসি। তাদের জয়ের নায়ক এন্সো ফের্নান্দেস।

শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। শনিবার প্রথম সেমি-ফাইনালে পেপ গুয়ার্দিওলার দল হারায় সাউথ্যাম্পটনকে।

ইংল্যান্ডের শীর্ষ লিগে সবশেষ পাঁচ ম্যাচে হেরেছে চেলসি এবং এই ম্যাচগুলোয় একটিও গোল করতে পারেনি- এমন বাজে পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে চার দিন আগে ছাঁটাই হন কোচ লিয়াম রোস্যানিও, দায়িত্ব পাওয়ার সাড়ে তিন মাসের মাথায়।

সেই শূন্যস্থানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লিডসের বিপক্ষে এদিন ডাগআউটে দাঁড়ান ক‍্যালাম ম‍্যাকফার্লেন। তার হাত ধরে পারফরম্যান্স সাদামাটা হলেও, ম্যাচের শুরুটা দারুণ হয় দলটির, এগিয়ে যায় ২৩তম মিনিটে। ডান দিক থেকে পেদ্রো নেতোর ক্রসে হেডে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস।

ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় ছিল লিডসের সামনে। বল দখলে একটু পিছিয়ে থাকলেও, গোলের জন্য তারাই বেশি শট নেয়। কিন্তু আসল কাজটা এবার আর করতে পারেনি তারা।

এবারের প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে একবারও জিততে পারেনি চেলসি। গত ডিসেম্বরে লিডসের মাঠে ৩-১ গোলে হারের পর, দ্বিতীয় দেখায় ঘরের মাঠে ২-২ ড্র করে চেলসি। সেই ক্ষতে এবার প্রলেপ দিতে পারল তারা।

২০২২ সালের পর আবার এর ফাইনালে উঠল চেলসি।

আগামী ১৬ মে এই মাঠেই শিরোপা লড়াইয়ে নামবে আটবারের চ্যাম্পিয়ন চেলসি ও সাতবারের শিরোপাজয়ী সিটি।