১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের বিপক্ষে নিখুঁত পারফরম্যান্স চান তিউনিসিয়া কোচ

স্পেনের বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা নিচ্ছেন এহভে হোনাহ।

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের বিপক্ষে নিখুঁত পারফরম্যান্স চান তিউনিসিয়া কোচ
তিউনিসিয়া কোচ এহভে হোনাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 06:35 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

সুইডেনের কাছে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু করা তিউনিসিয়ার সামনে এবার প্রতিপক্ষ জাপান। ‘এশিয়ার সেরা’ দলটির বিপক্ষে ভালো কিছু করতে নিখুঁত পারফরম্যান্সের বিকল্প দেখেন না তিউনিসিয়ার নতুন কোচ এহভে হোনাহ।

আগামী রোববার বাংলাদেশ সময় সকালে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। বিশ্বকাপের হাজারতম ম্যাচ এটি। ঐতিহাসিক এই মুহূর্তটি স্মরণীয় করতে রাখতে মরিয়া থাকবে দুই দলই।

সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে হেরে বিশ্বকাপে যাত্রা শুরু করে তিউনিসিয়া। সেখানে জাপান রুখে দেয় নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে। আসরে দুই দলের ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।

চারবারের এশিয়ান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ সামলাতে হবে এবার তিউনিসিয়াকে। হোনাহর চোখে জাপান এশিয়ার সেরা দল। আসছে ম্যাচে যে তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে, ভালো করেই বুঝতে পারছেন তিনি।

“আমি জোর দিয়ে বলতে চাই, আগামীকালের ম্যাচে দল হিসেবে খেলাই আমাদের একমাত্র আশা। হয়তো আমি বিষয়টি নিয়ে খুব বেশি বলছি... কিন্তু এই দলের (জাপানের) বিপক্ষে খেলতে হলে আমাদের দলীয় চেতনা নিখুঁত হতে হবে।”

সুইডেনের বিপক্ষে বড় হারের পরপরই কোচ সাবরি লামৌচিকে বরখাস্ত করে দেয় তিউনিসিয়া। গত বিশ্বকাপে যার কোচিংয়ে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখায় সৌদি আরব, সেই হোনাহকে দায়িত্ব দেয় তারা। মানসিকভাবে বিপর্যস্ত তিউনিসিয়াকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফরাসি এই কোচ। 

“আগামীকাল আমরা ঘুরে দাঁড়াতে মরিয়া। আর আমরা বিশ্বাস করি, এই মনোভাবই মাঠে পার্থক্য গড়ে দেবে।”

জাপানের বিপক্ষে নিজেদের আন্ডারডগ স্বীকার করে নিয়েছেন হোনাহ। তবে নবাগত কেপ ভার্দ যেভাবে স্পেনকে রুখে দিয়েছে, সেখান থেকে অনুপ্রেরণা পাওয়ার কথাও বলেছেন তিনি, “ওই ম্যাচ (স্পেন-কেপ ভার্দ) আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে।”