Published : 02 Sep 2026, 02:54 PM
ম্যানচেস্টার সিটিতে আবারও জায়গা হলো না জ্যাক গ্রিলিশের। তাই টানা দ্বিতীয় মৌসুমে ধারের চুক্তিতে এভারটনে যোগ দিলেন এই ইংলিশ ফুটবলার।
গ্রীষ্মের দলবদলের শেষ দিন মঙ্গলবার শেষ সময়ে গ্রিলিশের পুরো মৌসুমের জন্য এভারটনে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে উভয় ক্লাব।
পাঁচ বছর আগে আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে গ্রিলিশের ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া এবং দলটির সাফল্যে তার দারুণ সব অবদানের গল্প আজ যেন সুদূর অতীত। চোটের ছোবল আর ফর্মহীনতা মিলিয়ে অনেকদিন ধরেই নিজেকে খুঁজে ফিরছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
গত মৌসুমের শুরুতে পেপ গুয়ার্দিওলার সিটি স্কোয়াডে জায়গা হারিয়ে ধারে এভারটনে যোগ দেন গ্রিলিশ। সেখানে শুরুটা তার ছিল দুর্দান্ত, গত বছরের অগাস্টে প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন তিনি। কিন্তু দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায় এই বছরের শুরুতে, পায়ের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে পড়েন।
ওই মৌসুমে দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুটি গোল ও ছয়টি অ্যাসিস্ট করতে পারেন গ্রিলিশ।
হতাশার পথচলায় সিটির নতুন কোচ এন্টসো মারেস্কার স্কোয়াডেও জায়গা হলো না ৩০ বছর বয়সী এই ফুটবলারের। তাই টানা দ্বিতীয় মৌসুমের জন্য ধারের চুক্তিতে যোগ দিলেন এভারটনে।
গত মৌসুমে ১৩তম হয়ে প্রিমিয়ার লিগ শেষ করা এভারটন এবার শুরুটা বেশ ভালোই করেছে। লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-০ গোলে জয়ে শুরুর পর, বোর্নমাউথের সঙ্গে ১-১ ড্র করেছে।