১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমরা বিশ্বকাপ জিতব’, সেমি-ফাইনালে দুর্দান্ত জয়ের পর স্কালোনি

মাঠে মেসি-মার্তিনেসদের কীর্তি দেখে বাকরুদ্ধ দলটির বিশ্বকাপ জয়ী কোচ।

‘আমরা বিশ্বকাপ জিতব’, সেমি-ফাইনালে দুর্দান্ত জয়ের পর স্কালোনি
জয়ের পর লিওনেল মেসির সঙ্গে লিওনেল স্কালোনি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 08:09 AM

Updated : 11 Sep 2026, 03:40 PM

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো যেন অভ্যাসে পরিণত করেছে এই আর্জেন্টিনা দল। পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন, জয়ের ঠিকানা ঠিকই খুঁজে নেয় তারা। বিশ্বকাপের সেমি-ফাইনালেও দলের এমন হার না মানা পারফরম্যান্স দেখে মুগ্ধ কোচ লিওনেল স্কালোনি। আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, “ফাইনালও জিতব।”

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বুধবার, ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-০। সমর্থকদের মাঝে হয়তো শিরোপা ধরে রাখার অভিযান শেষের শঙ্কা তখন জেঁকে বসেছিল। 

তবে মাঠের ১১ আর্জেন্টাইনের মধ্যে নয়। এই বিশ্বকাপেই আগের কয়েক রাউন্ডেও তাই করে দেখিয়েছে তারা। শেষ ষোলোয় মিশরের বিপক্ষে দুই গোলের ঘাটতি পুষিয়ে, ১৩ মিনিটে তিন গোল করে জয়ের উল্লাসে মেতেছিল দলটি। আর এবার, ৮৫তম মিনিটে এন্সো ফের্নান্দেসের দুর্দান্ত গোলে সমতায় ফেরার পর, যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান গড়ে দেন লাউতারো মার্তিনেস।

ছেলেদের এমন বিজয়ী মানসিকতা দেখে বিশ্বকাপ জয়ী কোচ নিজেও বিস্মিত, মুগ্ধ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় ঠিকমতো কথাই বলতে পারছিলেন না তিনি।     

“আমি বাকরুদ্ধ। এই জয় আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য। সেই দিন আমি বলেছিলাম, এই ছেলেরা সবসময় আমাকে বিস্মিত করে।

পরে সংবাদ সম্মেলনেও আবেগপ্রবণ হয়ে পড়েন স্কালোনি। একটু আগে তার দল মাঠে যা করে দেখিয়েছে, তা যেন তার চোখ থেকে সরছিলই না।

“আমার কণ্ঠ ভেঙে আসছে, কারণ আজ এখানে (তাদের পারফরম্যান্সে) অনেক কিছুর দেখা মিলল: দলীয় প্রচেষ্টা, ভ্রাতৃত্ব, কখনও হাল না ছাড়ার মানসিকতা, শেষ পর্যন্ত লড়ে যাওয়া।

“এরপর, আমরা ফাইনাল জিতব। তবে, এই দলকে এর চেয়ে বেশি আর কী করতে হবে? তারা আমাকে আবেগপ্রবণ করে ফেলেছে। আমার বেশি কিছু বলার নেই; সব কৃতিত্ব কেবলই তাদের।”

চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনালে উঠল আর্জেন্টিনা। 

আগামী রোববার নিউ জার্সিতে শিরোপা ধরে রাখার লক্ষ্যে তারা খেলবে প্রথম সেমি-ফাইনালে ফ্রান্সকে উড়িয়ে দেওয়া স্পেনের বিপক্ষে।