‘পরিষ্কার পেনাল্টি ছিল’, রেফারির সিদ্ধান্তে অবাক আলোন্সো
ম্যাচ জিতলেও রেফারির একটি সিদ্ধান্তে অসন্তুষ্টি জানালেন রেয়াল মাদ্রিদ কোচ।
ম্যাচ জয়ের তৃপ্তি আছে। দুঃসময়ের প্রহরে একটু স্বস্তির পরশের উপলব্ধি আছে। শাবি আলোন্সোর প্রতিক্রিয়ায় পাশাপাশি আছে একটু অসন্তষ্টিও। আলাভেসের বিপক্ষে জয়ের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে রেয়াল মাদ্রিদ কোচ বললেন, রেফারি ভিএআর না দেখায় তিনি বিস্মিত হয়েছেন।
আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচটিতে রোববার ২-১ গোলে জেতে রেয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে কিলিয়ান এমবাপের গোলে ২৪তম মিনিটে এগিয়ে যায় আলোন্সোর দল। ৬৮তম মিনিটে আলাভেস সমতা ফেরালেও আট মিনিট পর রদ্রিগোর গোলে ম্যাচ জিতে নেয় রেয়াল।
আলোন্সোর আপত্তি দ্বিতীয়ার্ধের একটি মুহূর্ত নিয়ে, যেখানে ভিনিসিউসকে ফাউল করার জন্য রেয়ালের পেনাল্টি প্রাপ্য ছিল বলে মনে করেন কোচ।
“আমি কথা বলতে চাই খেলা নিয়ে, রেফারিকে নিয়ে নয়। তবে আমার মতে এটা পরিষ্কার পেনাল্টি ছিল।”
“ভিনি ছিল খুবই গতিময় এবং তাকে বাধা দেওয়া হয়েছিল। আমি খুবই অবাক হয়েছি যে, সে (রেফারি) ভিএআর দেখেনি। তবে কিছু করার নেই, আমাদেরকে সামনে তাকাতে হবে।”
এই ম্যাচের আগে মাঠের ভেতরে-বাইরে মিলিয়ে বাজে অবস্থায় ছিল রেয়াল মাদ্রিদ। লা লিগায় আগের পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে ড্র ও একটিতে হেরেছিল তারা। কোচের সঙ্গে ভিনিসিউস ও অন্যদের মানসিক টানাপোড়েনের কারণে ড্রেসিং রুমে অস্থিরতার খবরে উত্তাল হয়েছে সংবাদমাধ্যম। আলাভেসের বিপক্ষে হেরে গেলে কোচকে বরখাস্ত করা হতে পারে বলেও খবর বেরিয়েছিল।
জয়ের পর অবশ্য দলের ভেতর ভাঙনের খবর উড়িয়ে দিলেন আলোন্সো। তার মতে, এই জয়েই দলের ভেতরের একতা ফুটে উঠেছে।
“আমরা সবাই একতাবদ্ধ। ভালো সময়ে এবং খুব ভালো সময় নয়, এমন সময়েও আমরা একতাবদ্ধ হয়েই লড়ছি। আজকে দল ভালো লড়াই করেছে। শুরুটা ভালো করেছি আমরা এবং পরে শেষটাও ভালোভাবে করতে পেরেছি। একতাই মৌলিক ব্যাপার।”
“আমাদের সবটুকু মনোযোগ নিজেদের কাজেই। আমাদের বন্ধন অটুট আছে এবং প্রতি তিন দিনে একটি করে ম্যাচের জন্য নিজেদের তৈরি করছি। আজকের জয়টি উল্লেখযোগ্য, কারণ চোট ও নিষেধাজ্ঞার কারণে অনেক ফুটবলারকে পাইনি আমরা।”
এই জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে এখন সামনে এগোতে চান কোচ।
“আমরা সবাই একতাবদ্ধ আছি। বুধবার কোপা দেল রের ম্যাচ আছে, এরপর সেভিয়ার বিপক্ষে লড়াই। আজকে আমরা যা ভালো করেছি, তা ধরে রাখতে হবে আমাদের এবং সামনে বয়ে নিয়ে যেতে হবে।”
