১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মেসিদের কোচের দায়িত্ব ছাড়লেন মাসচেরানো

‘ব্যক্তিগত কারণে’ ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো।

মেসিদের কোচের দায়িত্ব ছাড়লেন মাসচেরানো
হাভিয়ের মাসচেরানো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 12:45 AM

Updated : 26 Aug 2026, 03:25 PM

হুট করে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার। 

২০২৪ সালের নভেম্বরে মায়ামির কোচের দায়িত্ব নেন মাসচেরানো। তার কোচিংয়ে ও লিওনেল মেসির নেতৃত্বে ২০২৫ সালে ক্লাবের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ জয়ের স্বাদ পায় যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

দলের বরাতে মাসচেরানো বলেছেন, “সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।”

“প্রথমত, আমি ধন্যবাদ জানাতে চাই ক্লাবকে আমার ওপর রাখা আস্থার জন্য, প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে তাদের সম্মিলিত প্রচেষ্টার জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের, যাদের কারণেই আমরা এই অবিস্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি।”

খেলোয়াড়ী জীবনে ডিফেন্সিভ মিডফিল্ডার ও সেন্টার-ব্যাক হিসেবে খেলতে পারদর্শী মাসচেরানো ২০১৮ সালে ক্যারিয়ারের ইতি টানেন। পরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও আর্জেন্টিনা অলিম্পিক দলে কোচিং করানো এই বার্সেলোনা গ্রেট মায়ামির দায়িত্ব নিয়ে প্রথমবার কোনো ক্লাবের ডাগআউটে দাঁড়ান।