১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফ্রিকার প্রথম মরক্কো ও দিয়াস

এবারের বিশ্বকাপে চারটি অ্যাসিস্ট করে রেকর্ডের পাতায় নাম লেখালেন মরক্কোর ব্রাহিম দিয়াস।

আফ্রিকার প্রথম মরক্কো ও দিয়াস
কোয়ার্টার-ফাইনালে উঠে মরক্কোরর ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 01:04 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

কানাডার বিপক্ষে প্রথমার্ধের বিবর্ণতা ঝেড়ে ফেলে দ্বিতীয়ভাগে জ্বলে ওঠে মরক্কো। ৩-০ গোলের দারুণ জয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তারা। টানা দ্বিতীয় বিশ্বকাপে শেষ আটে খেলবে মরক্কো, যা এর আগে করতে পারেনি আফ্রিকার কোনো দল।

মরক্কো ও কানাডার ম্যাচের আরও কিছু পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো-

একাধিক বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা আফ্রিকার একমাত্র দল মরক্কো।

এবারের বিশ্বকাপে এনিয়ে চারটি অ্যাসিস্ট করলেন ব্রাহিম দিয়াস। বিশ্বকাপের এক আসরে চারটি বা তার বেশি অ্যাসিস্ট করা আফ্রিকার প্রথম ফুটবলার তিনি। আর মরক্কোর হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ডটিও রেয়াল মাদ্রিদের এই ফুটবলারের।

বিশ্বকাপের এক ম্যাচে একাধিক গোল করা মরক্কোর তৃতীয় ফুটবলার আজেদিন উনায়ি। কানাডার বিপক্ষে জোড়া গোল করেন তিনি।

বিশ্বকাপের নকআউট ম্যাচে একাধিক গোল করা আফ্রিকার চতুর্থ ফুটবলার উনায়ি। ১৯৩৪ সালে মিশরের আবদেল রাহমান ফাওজি, ১৯৯০ সালে ক্যামেরুনের রজার মিলা এবং ২০০২ সালে সেনেগালের হেনরি কামারা এই স্বাদ পেয়েছিলেন।

কানাডার বিপক্ষে গোলের উদ্দেশ্যে স্রেফ পাঁচটি শট নিতে পারে মরক্কো। গত ৬০ বছরে এত কম শট নিয়ে আর কেউ বিশ্বকাপের নক আউট ম্যাচ জিততে পারেনি।

নিজেদের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে চারটি নকআউট ম্যাচ জিতল মরক্কো। যা আফ্রিকার বাকি সব দলের মিলিত জয়ের সমান। নকআউটে একটি করে ম্যাচ জিততে পেরেছে ক্যামেরুন (১৯৯০), সেনেগাল (২০০২), ঘানা (২০১০) ও মিশর (২০২৬)।