২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভোটে বার্সার নেতৃত্বে গার্সিয়া-ডি ইয়ং-ইয়ামাল

হাফিনিয়াকে অধিনায়ক ও পেদ্রিকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ হান্সি ফ্লিক।

ভোটে বার্সার নেতৃত্বে গার্সিয়া-ডি ইয়ং-ইয়ামাল
ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 10:34 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

মার্ক-আন্ড্রে টের স্টেগেন ও রোনাল্দ আরাউহো দল ছাড়ার পর নতুন মৌসুমের জন‍্য পাঁচ অধিনায়ক বেছে নিয়েছে বার্সেলোনা। তারা হলেন- হাফিনিয়া, পেদ্রি, এরিক গার্সিয়া, ফ্রেংকি ডি ইয়ং ও লামিন ইয়ামাল। 

অধিনায়ক হিসেবে হাফিনিয়া ও সহ-অধিনায়ক হিসেবে পেদ্রিকে বেছে নিয়েছেন কোচ হান্সি ফ্লিক। খেলোয়াড়দের ভোটে নেতৃত্বে বাকি তিনজন এসেছেন। 

লা লিগার ম‍্যাচে রোববার ভালেন্সিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে পাঁচ অধিনায়ক বেছে নেওয়ার পেছনের গল্প শোনান ফ্লিক। 

“প্রথম দুই অধিনায়ক আমি বেছে নিয়েছি, অন‍্য তিনজনকে বেছে নিয়েছে দল। পাঁচ অধিনায়ক আমি নিজেই বেছে নিতে চাইনি। তবে আমি সুনির্দিষ্টভাবে প্রথম দুই জনকে বেছে নিয়েছি, কারণ তারা গুরুত্বপূর্ণ এবং সাধারণত শুরুর একাদশে থাকবে।

“আমি খেলোয়াড়দের সিদ্ধান্তে খুশি। বিশেষ করে এই মৌসুমে, প্রত‍্যেক খেলোয়াড়কে দলের জন‍্য দায়িত্ব নিতে হবে। আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা কথা বলতে পারবে।”