রুবিয়ালেসের চুমু-কাণ্ড: শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু ফিফার
স্পেন ফরোয়ার্ড জেনিফার এরমোসোকে মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পর আরএফইএফ সভাপতির ঠোঁটে চুমু দেওয়ার ঘটনাটি খতিয়ে দেখবে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা।
চুমু-কাণ্ডে লুইস রুবিয়ালেসের দিকে সমালোচনার তির ধেয়ে আসছে একের পর এক। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভুক্তভোগী ফুটবলার জেনিফার এরমোসো এবং নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন। স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আরও কড়া ভাষায় বলেছেন-স্রেফ ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। এবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিল ফিফা।
মেয়েদের বিশ্বকাপে গত রোববার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। উৎসবের মাঝেই বিতর্কিত এক কাণ্ড করে বসেন রুবিয়ালেস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেওয়ার সময় স্পেন দলের সব ফুটবলারকেই তিনি আলিঙ্গন করেন। গালে ও কপালে চুমু এঁকে দেন অনেকের। তবে এরমোসোকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন ৪৫ বছর বয়সী রুবিয়ালেস।
ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন রুবিয়ালেস। সমালোচনাকারীদের প্রথমে ‘ইডিয়ট’ বলে মন্তব্য করেন তিনি। কিন্তু সমালোচনার তীব্রতা বাড়লে এরমোসোকে চুমু দেওয়ার বিতর্কিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। কিন্তু তাতে পরিস্থিতির উত্তাপ কমছে না একটুও।
এরপরই বিবৃতি দিয়ে বৃহস্পতিবার ওই ঘোষণা দিল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি। রুবিয়ালেস ফিফার আপত্তিকর আচরণ ও ফেয়ার প্লে আর্টিকেল ১৩ ধারা লঙ্ঘন করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।
বিবৃতিতে ফিফা জানিয়েছে, তারা প্রতিটি ব্যক্তির ‘স্বকীয়তাকে’ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর বিপরীত আচরণের তীব্র নিন্দা করে। শৃঙ্খলাবিধি অনুসারে, কর্মকর্তাদেরকে অবশ্যই ফেয়ার প্লে’র নীতি, আনুগত্য এবং সততার নীতি মেনে চলতে হবে।
রুবিয়ালেসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়নও। তাদের ও নিজের এজেন্সির মাধ্যমে যৌথ বিবৃতিতে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধানের কড়া শাস্তি দাবি করেছেন এরমোসো। আগামী সোমবার স্পেনের সেকেন্ড ডেপুটি প্রধানমন্ত্রী জোলান্দা দিয়াসের সঙ্গে দেখা করবে ফুটপ্রো ইউনিয়ন।
এছাড়া স্পেনের নারী ফুটবল লিগ ‘লিগা এফ’ কর্তৃপক্ষ এর মধ্যেই রুবিয়ালেসকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছে। দেশটির জাতীয় স্পোর্টস কাউন্সিলের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে তারা।
