১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা কিংস ও মোহামেডান

‘এ’ গ্রুপে পড়েছে প্রতিযোগিতার রেকর্ড ১২বারের চ্যাম্পিয়ন আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 06:52 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

গত আসরের দুই ফাইনালিস্টের এবার দেখা হচ্ছে গ্রুপ পর্বে। ফেডারেশন কাপের ড্রয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। গতবার এই দুই দলের শিরোপা লড়াইয়ে জিতেছিল কিংস। ‘এ’ গ্রুপে পড়েছে প্রতিযোগিতার রেকর্ড ১২বারের চ্যাম্পিয়ন আবাহনী।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে শনিবার ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে আবাহনী তুলনামূলকভাবে মসৃণ পথ পেয়েছে গ্রুপ পর্ব। তাদের প্রতিপক্ষ ফর্টিস এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি।

এই দলগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন সবশেষ ফেডারেশন কাপ জেতে ২০১৫ সালে। ২০২১-২২ মৌসুমে সবশেষ ফাইনালে খেলে রানার্সআপ হয় রহমতগঞ্জ। বাকি কারো নেই ফাইনালে খেলার অভিজ্ঞতা।

আবাহনী সবশেষ এই শিরোপা স্বাদ পেয়েছিল ২০২১-২২ মৌসুমে। এরপর তারা দুইবার ফাইনালে উঠলেও বাজিমাত করতে পারেনি। ২০২২-২৩ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং ২০২৪-২৫ মৌসুমে হেরে যায় কিংসের বিপক্ষে। 

‘বি’ গ্রুপে কিংস ও মোহামেডানের সঙ্গী বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। 

এই গ্রুপে মোহামেডান ১১বার ঘরোয়ার দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে; সবশেষ ২০২২-২৩ মৌসুমে। বর্তমান শিরোপাধারী কিংস জিতেছে পাঁচবার। তিনবার রানার্সআপ হওয়া আরামবাগ সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৬ সালে। ঢাকা ওয়ান্ডারার্সের একবারই ফাইনালে উঠেছিল, ১৯৮৭ সালে।

আগামী ২২ সেপ্টেম্বরে শুরু কথা রয়েছে ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপ।