১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দলীয় অনুশীলনে ফিরছেন ইসাক

লিভারপুল ও বিশ্বকাপে জায়গা করে নেওয়া সু্ইডেনের জন্য যা অনেক বড় সুখবর।

দলীয় অনুশীলনে ফিরছেন ইসাক
লিভারপুর স্ট্রাইকার আলেকসান্দার ইসাক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

পা ভেঙে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা লিভারপুর স্ট্রাইকার আলেকসান্দার ইসাক দলীয় অনুশীলনে যোগ দিচ্ছেন। 

লিভারপুল কোচ আর্না স্লট নিশ্চিত করেছেন, ২৬ বছর বয়সী স্ট্রাইকার বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করবেন। বিশ্বকাপে জায়গা করে নেওয়া সুইডেনের জন‍্যও তার ফেরা হবে বড় সুখবর। 

গত ডিসেম্বরে টটেনহ‍্যাম হটস্পারের বিপক্ষে ২-১ গোলের জয়ে গোল করার সময় পা ভেঙে যায় ইসাকের। অস্ত্রোপচারের পর এখন তিনি মাঠে ফেরার খুব কাছে দাঁড়িয়ে। বুধবার ক্লাব মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় ইসাকের চোট পরিস্থিতি নিয়ে বললেন স্লট।

“আমার মনে হয়, আলেক্স খুব ভালো অবস্থায় আছে। কারণ, গতকাল সুইডেন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, আর আগামীকাল সে দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করবে।”

“অবশ‍্যই তিন বা চার মাস (বাইরে থাকার) পর, দলের সঙ্গে এটা কেবল তার প্রথম সেশন। তবে তাকে ফিরে পাওয়াটাই দারুণ ব‍্যাপার। কারণ, আমরা সবাই (তার সামর্থ্য) জানি। আমরা অবিশ্বাস‍্য একজন স্ট্রাইকারকে দলে এনেছি।”

প্রিমিয়ার লিগে শিরোপাধারী লিভারপুল আছে পাঁচে। আগামী শনিবার ফুলহ‍্যামের বিপক্ষে খেলবে তারা। 

এখনই পুরো ৯০ মিনিটের জন‍্য ইসাককে পাওয়ার আশা করছেন না লিভারপুল কোচ।  

“সাধারণত অনেক সুযোগ তৈরি করে এমন একটা দলে তাকে আবার পাওয়াটা দারুণ- আর সম্ভবত এখনই তাকে শুরু থেকে পাওয়া যাবে না- তবে শেষ দুই ম‍াসের জন‍্য তাকে ফিরে পাওয়া, আমি মনে করি, আমাদের জন‍্য খুব সহায়ক হবে।”

উয়েফা প্লে অফ ফাইনালে পোল‍্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় আসরে দলটি ‘এফ’ গ্রুপে আছে নেদারল‍্যান্ডস, জাপাত ও তিউনিসিয়ার সঙ্গে।