টানা ৮ ম্যাচে জয়হীন ইউভেন্তুস, বরখাস্ত কোচ
লাৎসিওর বিপক্ষে দলের হারের পর চাকরি হারালেন ইগর টুডোর।
দলের টানা বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন ইগর টুডোর। প্রধান কোচের পদ থেকে তাকে বরখাস্ত করল ইউভেন্তুস।
এক বিবৃতিতে সোমবার ৪৩ বছর বয়সী টুডোরকে সরিয়ে দেওয়ার কথা জানায় সেরি আয় রেকর্ড চ্যাম্পিয়নরা।
ক্রোয়াট কোচ টুডোর চলতি বছরের মার্চে থিয়াগো মোত্তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ২০০৬-০৭ মৌসুমে দিদিয়ে দেশমের পর তিনিই ছিলেন ইউভেন্তুসের প্রথম বিদেশি কোচ। তার কোচিংয়ে গত মৌসুমে চার নম্বরে থেকে সেরি আ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায় ইউভেন্তুস।
এই মৌসুমের শুরুটাও বেশ ভালো ছিল তাদের। সেরি আয় প্রথম তিন ম্যাচেই জয় পায় দলটি। এরপরই তারা পথ হারিয়ে ফেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। এই সময়ে পাঁচ ড্রয়ের বিপরীতে তিনটিতে হেরেছে তারা এবং সেই তিনটি হার সবশেষ তিন ম্যাচে।
সেরি আয় আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তালিকার অষ্টম স্থানে, শীর্ষে থাকা নাপোলির চেয়ে পিছিয়ে পড়েছে ৬ পয়েন্টে।
চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে ২৫ নম্বরে আছে ইউভেন্তুস।
