Published : 09 Dec 2025, 03:22 PM
তিন দিনের মধ্যে লিগ টেবিলের শীর্ষস্থানে তিনবার পরিবর্তন হলো। আগের দিন নাপোলি শীর্ষে উঠলেও, সেখানে ২৪ ঘণ্টার বেশি থাকতে পারল না তারা। তোরিনোর বিপক্ষে ২০ মিনিটের মধ্যে দুই গোল হজমের পর, ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে শীর্ষে ফিরল এসি মিলান।
প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে সেরি আর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে মিলান। বদলি নেমে জোড়া গোল করে তাদের জয়ের নায়ক ক্রিস্টিয়ান পুলিসিক।
লিগে টানা তৃতীয় জয়ে এসি মিলানের পয়েন্ট হলো ১৪ ম্যাচে ৩১। সমান পয়েন্ট নিয়ে রোববার শীর্ষে উঠেছিল নাপোলি, গোল ব্যবধানে তাদের পেছনে ফেলল এসি মিলান।
আর শনিবার নিজেদের ম্যাচে জিতে শীর্ষে উঠেছিল ইন্টার মিলান। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে এখন তারা আছে তৃতীয় স্থানে।
অসুস্থতার কারণে তোরিনোর বিপক্ষে পুলিসিকের খেলার সম্ভাবনাই ছিল না। ম্যাচের আগে জ্বরে ভোগায় তাকে বেঞ্চে রেখে খেলতে নামে এসি মিলান। গত মাসে লাৎসিওর বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় এই ম্যাচে টাচলাইনে ছিলেন না দলটির কোচ মাক্সিমিলিয়ানো আল্লেগ্রিও।
মাঠে নেমে শুরুটাও তাদের খুব খারাপ হয়। ম্যাচের দশম মিনিটেই নিকোলা ভ্লাসিচের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে এসি মিলান, ডি-বক্সে দলটির ডিফেন্ডার তোমোরির হাতে বল লাগলে পেনাল্টি পেয়েছিল তোরিনো।
সাত মিনিট পর এসি মিলানের জালে আবার বল পাঠান দুভান জাপাতা।
সেই ধাক্কা সামলে দ্রুতই একটি গোল শোধ করে সফরকারীরা। প্রায় ৩০ গজ দূর থেকে গোলটি করেন ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।
কিন্তু এরপরই আরেক ধাক্কা খায় এসি মিলান। চোট পেয়ে ৩১তম মিনিটে মাঠ ছেড়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। এরপরও, আক্রমণে জোর দেয় তারা। দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায়; কিন্তু গোলের দেখা মিলছিল না।
একরকম বাধ্য হয়েই পুলিসিককে ৬৬তম মিনিটে মাঠে নামায় দলটি। এবং মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই দলকে সমতায় ফেরান যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড। ১০ মিনিট পর সতীর্থের আরেক ক্রসে ভলি করে দলকে জয়ের আনন্দে ভাসান তিনি।