১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডোগুর ‘প্রথম’ গোলে জিতল ইউনাইটেড

নিজেদের খুঁজে ফেরা নিউক‍্যাসল ইউনাইটেড হারল ওল্ড ট্র‍্যাফোর্ডে।

ডোগুর ‘প্রথম’ গোলে জিতল ইউনাইটেড
ম‍্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজের প্রথম গোলে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন প‍্যাট্রিক ডোগু। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2025, 06:36 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরি- এসব সূচকে এগিয়ে থাকল নিউক‍্যাসল ইউনাইটেড। কিন্তু আসল কাজটা সারল ম‍্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবের হয়ে প‍্যাট্রিক ডোগুর প্রথম গোলে এগিয়ে যাওয়ার পর ব‍্যবধান ধরে রাখল তারা। উত্থান-পতনের মধ‍্যে যাওয়া মৌসুমে ফিরল জয়ের পথে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে হুবেন অ‍্যামুরির দল। তিন ম‍্যাচে এটাই লিগে তাদের প্রথম জয়। 

প্রতিপক্ষের মাঠে ৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন‍্য ১৬ শট নিয়ে তিনটি লক্ষ‍্যে রাখতে পারে নিউক‍্যাসল। অন‍্য দিকে ইউনাইটেডের ৯ শটের তিনটি থাকে লক্ষ‍্যে।  

ওল্ড ট্র‍্যাফোর্ডে তৃতীয় মিনিটে কাসেমিরো হেড ও একাদশ মিনিটে বেনিয়ামিন শেশকো শট লক্ষ‍্যে রাখতে পারেননি। 

পরের মিনিটে এগিয়ে যেতে পারত নিউক‍্যাসল। তবে ব্রুনো গিমারাইসের হেড চমৎকার রিফ্লেক্সে ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন লামেন্স।

২৪তম মিনিটে কাছের পোস্টে মাথেউস কুইয়ার শট কর্নারের বিনিময়ে ফেরান নিউক‍্যাসল গোলরক্ষক অ‍্যারন রামসডেল। সেই কর্নার থেকেই এগিয়ে যায় ইউনাইটেড। 

দালোতের লম্বা থ্রোয়িং হেডে বিপদমুক্ত করার চেষ্টা করে পারেননি নিউক‍্যাসলের একজন। ছুটে গিয়ে ডি বক্সের ভেতর থেকেই বাম পায়ের জোরাল ভলিতে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান ডোগু। ঝাঁপিয়েও নাগাল পাননি রামসডেল। 

ইউনাইটেডের হয়ে এটাই ডেনমার্কের লেফট ব‍্যাক ডোগুর প্রথম গোল।  

৩৪তম মিনিটে আরেকটি গোল পেয়ে যেতে পারতেন ডোগু। এবার ডান দিক থেকে কাছের পোস্টে তার শট ঝাঁপিয়ে ঠেকান রামসডেল। 

বিরতির পর ম‍্যাসন মাউন্টের জায়গায় ১৮ বছর বয়সী মিডফিল্ডার জ‍্যাক ফ্লেচারকে মাঠে নামান ইউনাইটেড কোচ অ‍্যামুরি। 

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলে ইউনাইটেডেক বেশ চেপে ধরে নিউক‍্যাসল। ৫১তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল তারা। কিন্তু ফাবিয়ান শেয়ারের শট ডোগুর পায়ে লেগে বাইরে চলে যায়। 

নয় মিনিট পর একটুর জন‍্য বাড়েনি ব‍্যবধান। শেশকোর গতিময় শট বেরিয়ে যায় ক্রসবারে লেগে। এরপরই শেশকো ও কাসেমিরোকে তুলে নেন ইউনাইটেড কোচ। 

৬২তম মিনিটে একই অভিজ্ঞতা হয় নিউক‍্যাসলের। লুইস হলের গতিময় শট ব‍্যর্থ হয় ক্রসবারে লেগে। কয়েক সেকেন্ড পর শেয়ারের শট ফেরে স্বাগতিক ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের বুকে লেগে। 

তবে বুকে লাগার পর বল হাত ছুঁয়ে যাওয়ায় পেনাল্টির জোরাল দাবি তোলে নিউক‍্যাসল। ভিএআরের সঙ্গে কথা বলে অবশ‍্য পেনাল্টি দেননি রেফারি। 

৬৭তম মিনিটে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন অ‍্যান্থনি গর্ডন। ডানপাশ থেকে আড়াআড়ি শট লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি।

ছয় মিনিট পর দিয়োগো দালতের ব‍্যর্থতায় বাড়েনি ব‍্যবধান। মাঝমাঠ থেকে মার্তিনেসের উঁচু করে বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে শট নেন তিনি কিন্তু একটুর জন‍্য খুঁজে পাননি লক্ষ‍্য। 

৯০তম মিনিটে সমতা ফেরানোর দুর্দান্ত সুযোগ নষ্ট করেন লুইস মাইলি। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে ক্রসবারের উপর দিয়ে পাঠান তিনি।

শেষ দিকে প্রবল চাপ তৈরি করলেও সমতা সূচক গোলের দেখা পায়নি নিউক‍্যাসল। তাতে টানা ১০ ম‍্যাচে গোল হজমের পর জাল অক্ষত রাখতে পারলেন ইউনাইটেড গোলরক্ষক লামেন্স। 

১৮ ম‍্যাচে ইউনাইটেডের পয়েন্ট ২৯, আপাতত পাঁচে উঠে এসেছে অ‍্যামুরির দল। সমান পয়েন্ট নিয়ে তাদের উপরে চেলসি, নিচে লিভারপুল। 

সমান ম‍্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে রয়েছে নিউক‍্যাসল। লিগে শেষ তিন ম‍্যাচে এটি তাদের দ্বিতীয় হার, অন‍্য ম‍্যাচ হয় ড্র।