উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 06 Jun 2026, 03:40 PM
ডান পায়ের গোঁড়ালির চোট নিয়েই দলের সাথে আছেন মনিকা চাকমা। নেপালের বিপক্ষে সেমি-ফাইনালে বদলি নেমেছিলেন তিনি। কিন্তু পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাকে তুলে নেন পিটার জেমস বাটলার। ভারতের বিপক্ষে ফাইনালের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন মনিকা। তবে, তাকে খেলানোর ব্যাপারে নিশ্চিত নন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ।
আনিকা রানিয়া সিদ্দিকীর পারফরম্যান্সেও শতভাগ সন্তুষ্ট নন বাটলার। সুইডেন প্রবাসী ফরোয়ার্ড থাকতে পারেন ফাইনালের সেরা একাদশে। তবে, মালদ্বীপ ম্যাচে ১১ সেকেন্ডে গোল পাওয়ার পর আর জালের দেখা না পাওয়া এই ফরোয়ার্ডকে আরও পরিশ্রমী হওয়ার বার্তা দিয়েছেন কোচ।
“নেপালের বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচে নামার আগেই মনিকা পুরোপুরি ফিট ছিল না, তাই আমরা তাকে নিয়ে একটা ঝুঁকি নিয়েছিলাম এবং ভেবেছিলাম সে ৩০ বা ৪০ মিনিট খেলতে পারবে। আমরা তার চোটের বিষয়টি দেখব, মূল্যায়ন করব এবং তাকে নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে, আমরা শেষ পর্যন্ত দেখব, তারপর, তার ব্যাপারে সিদ্ধান্ত নিব।”
আনিকা অনুশীলনে যতটা আলো ছড়িয়েছেন, মাঠের খেলায় এখনও পারেননি ততটা। গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ৩-০ গোলে দলের হেরে যাওয়া ম্যাচে ছিলেন বিবর্ণ। সেমি-ফাইনালে নেপালের বিপক্ষেও আক্রমণভাগে ছিলেন না আগ্রাসী রূপে। শারীরিকভাবে শক্ত-পোক্ত এই ফরোয়ার্ডকে তাই পরিশ্রমের বার্তা দিলেন বাটলার।
“আমি মনে করি, আনিকার অবদান (এ পর্যন্ত) চমৎকার ছিল। আমি তাকে বলেছি যে, তাকে কেবল কঠোর পরিশ্রম করে যেতে হবে। স্টকহোমের পরিবেশ থেকে এখানকার পরিবেশে আসাটা তার জন্য বেশ অদ্ভুত এবং কিছুটা চ্যালেঞ্জিং রূপান্তর ছিল। সে এখানে খুব বেশিদিন ধরে খেলছেও না। তবে আমার মনে হয় সে সত্যিই ভালো অবদান রেখেছে।”
“আমি তার খেলার সাথে মানিয়ে নেওয়ার জন্য কৌশল বা ফর্মেশনে কিছুটা পরিবর্তনও এনেছিলাম। সে দারুণ চরিত্রের এবং অত্যন্ত পেশাদার একজন খেলোয়াড়। সে আরও উন্নতি করবে, সময়ের সাথে সাথে সে নিশ্চিতভাবেই অনেক উন্নত হবে। আমি তাকে যেমনটা বলেছি-হতাশ হয়ে ভেঙে না পড়ে ইতিবাচক থাকতে হবে। সময়ের সাথে সাথে সে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আরও উন্নতি করবে।”
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শনিবার সন্ধ্যা ৭টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আনিকাও বসবেন মূল পরীক্ষায়।