১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আর্জেন্টিনার বিপক্ষে খেলার ‘বিরল সুযোগ’ কাজে লাগাতে চায় সুইজারল্যান্ড

নিজেদের প্রমাণ করার জন্য এই ম্যাচকেই সবচেয়ে উপযুক্ত মঞ্চ হিসেবে দেখছেন সুইসদের কোচ মুরাত ইয়াকিন।

আর্জেন্টিনার বিপক্ষে খেলার ‘বিরল সুযোগ’ কাজে লাগাতে চায় সুইজারল্যান্ড
কোয়ার্টার-ফাইনালে উঠে সুইজারল্যান্ড দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 12:19 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

বিশ্ব মঞ্চে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারাকে ‘বিরল সুযোগ’ হিসেবে দেখছেন সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। এটাকে কাজে লাগিয়ে সুইসদের ফুটবল ইতিহাস নতুন করে লিখতে চান তিনি ও তার দল।

ভ্যানকুভারে ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় গোলশূন্য ড্র হয়।

৭২ বছর পর বিশ্বকাপের শেষ আটে উঠতে পারল সুইসরা। বিশ্ব আসরে কখনো সেমি-ফাইনালে খেলতে না পারা দলটির সামনে এখন কঠিন পরীক্ষা। কোয়ার্টার-ফাইনালে যে তাদের লড়তে হবে লিওনেল মেসির দলের বিপক্ষে।

শেষ চারে ওঠার লড়াইয়ে আগামী ১২ জুলাই লাতিন আমেরিকার দলটির দলটির মুখোমুখি হবে সুইজারল্যান্ড। ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় ৭টায় (এএম) শুরু মাঠের লড়াই।

আর্জেন্টিনার বিপক্ষে এমনটিতে খুব একটা খেলা হয় না সুইজারল্যান্ডের। প্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত স্রেফ সাতটি ম্যাচে লাতিন আমেরিকার দেশটির মুখোমুখি হয়েছে তারা। যার মধ্যে ড্র করেছে তারা দুটিতে, বাকি পাঁচটিতে পেয়েছে পরাজয়ের তেতো স্বাদ।

এবারের আগে দুইবার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে সুইজারল্যান্ড। ১৯৬৬ সালে ২-০ এবং ২০১৪ সালে ১-০ গোলে হেরেছে তারা।

নিজেদের প্রমাণ করার জন্য এই ম্যাচকেই সবচেয়ে উপযুক্ত মঞ্চ হিসেবে দেখছেন ইয়াকিন।

“বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটাই আসল পরীক্ষা। এটা বিরল একটা সুযোগ, তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই আমরা তাদেরকে হারানোর চেষ্টা করব।”

“আমরা দক্ষিণ আমেরিকার দলগুলোর মানসিকতা সম্পর্কে জানি; (তাদের কাছে) প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।”

শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করা আর্জেন্টিনা শেষ বত্রিশে হারিয়েছে কেইপ ভার্ডকে। আর শেষ ষোলোয় রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা হৃদয় ভেঙেছে মিশরের। দুটি ম্যাচে ৩-২ গোলে জিতেছে মেসির দল।

নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা সুইজারল্যান্ডের ডিফেন্ডার রিকার্দো রদ্রিগেস উচ্ছ্বসিত প্রশংসা করেছেন আর্জেন্টিনা দলের। তার চোখে, ‘বিশ্বসেরা’ মেসিই সবার চেয়ে এগিয়ে রাখে দলটিকে।

“আর্জেন্টিনা চমৎকার একটি দল, তাদের অনেক উচ্চ মানের খেলোয়াড় আছে, ভালো একজন কোচ আছে। আমরা জানি তারা কীভাবে খেলে। তাদের আছে মেসি, যে বিশ্বের সেরা।”