শুটিং
Published : 03 Jan 2026, 07:19 PM
শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এনএসসির নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হায়দারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। যদিও প্রজ্ঞাপনটি জারি করা হয় ১ জানুয়ারি, তবে এটি প্রকাশ্যে আসে শনিবার।
প্রজ্ঞাপণে অবশ্য জি এম হায়দারকে অব্যাহতি দেওয়ার বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। সেখানে শুধু বলা হয়েছে, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদ হতে জনাব জি. এম. হায়দার সাজ্জাদ-কে অব্যাহতি দেওয়া হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রদত্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
গত বছর জুলাইয়ে গঠন করা হয় শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি। এরপর থেকে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জি এম হায়দারের বিরুদ্ধে একাধিক নারী খেলোয়াড়কে যৌন হয়রানিসহ নানা অভিযোগের খবর আসতে থাকে। সাবেক এই শুটারের অপসারণের দাবিও ওঠে।
কিছুদিন আগে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনে যৌন হয়রানির বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে শুটার কামরুন নাহার কলি, তামায়াতি এমা ও সাবেক শুটার শারমিন আক্তার রত্না একই অভিযোগ তুলেছিলেন।
হায়দারের বিরুদ্ধে অভিযোগ আসার পর এনএসসি একটি তদন্ত কমিটি করেছিল। কমিটির কাছেও হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন শুটাররা।