১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপেকে ছাড়াই রেয়াল মাদ্রিদ বেশি ভালো? যা বলছেন কোচ

এমবাপে চোটের কারণে মাঠের বাইরে থাকার সময়টায় দারুণ ফর্মে ছিল রেয়াল মাদ্রিদ, ফরাসি এই ফরোয়ার্ড শুরুর একাদশে ফেরার পর প্রথম ম্যাচেই হেরে গেছে দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 09:09 AM

Updated : 26 Aug 2026, 03:21 PM

কিলিয়ান এমবাপের মতো তারকা ও বিশ্বসেরাদের চোট কাটিয়ে ফিরেছেন মাঠে, রেয়াল মাদ্রিদের জন্য এটি হওয়ার কথা বড় স্বস্তির। অথচ কোচ আলভারো আরবেলোয়ার দিকে প্রশ্ন ছুটে গেল, ফরাসি এই ফরোয়ার্ডের ফেরাটাই দলীয় ভারসাম্য কিংবা কার্যকর ফর্মেশন নষ্ট করছে কি না। রেয়াল মাদ্রিদ কোচ অবশ্য এসব আলোচনা পুরোপুরিই উড়িয়ে দিয়ে বললেন, এমবাপের মতো একজনকে পাওয়া দলের জন্য সৌভাগ্যের। 

চোটের কারণে এমবাপের বাইরে থাকার সময়টায় টানা পাঁচটি ম্যাচ জিতেছে রেয়াল মাদ্রিদ। শুরুর একাদশে ভিনিসিউস জুনিয়রের সঙ্গে আক্রমণভাগে ব্রাহিম দিয়াসকে রেখে ৪-৪-২ ফর্মেশনে দলকে খেলান কোচ এবং তা বেশ কার্যকর হয়। এমবাপের অবশ্য পরে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন কিছু সময়ের জন্য।

হাঁটুর চোট কাটিয়ে এমবাপে শুরুর একাদশে ফেরেন রেয়ালের সবশেষ ম্যাচে। সেদিন লা লিগায় তলানির দিকের দল রেয়াল মায়োর্কার বিপক্ষে বিস্ময়করভাবে হেরে গিয়ে লিগ শিরোপার লড়াই থেকে আরও পিছিয়ে পড়ে আরবেলোয়ার দল।

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্ন উঠল, এমবাপের শুরুর একাদশে ফেরা রেয়ালের ভারসাম্যকে বাধাগ্রস্থ করে তুলছে কি না। তবে ফুটবলীয় ব্যাখ্যা তুলে ধরে রেয়ালের কোচ বললেন, তার কাছে এটি মধুর সমস্যা। 

“ব্রাহিমের চেয়ে এমবাপের বৈশিষ্ট্য ভিন্ন এবং সেখানেই আমাদের ভিন্নভাবে খেলতে হবে। কিন্তু এমন সমস্যা পেয়ে আমি বরং আনন্দিত।”

“(বায়ার্নের মতো) এই ধরনের ম্যাচ এবং এই ধরনের লড়াইয়ের জন্যই সে (এমবাপে) মাদ্রিদে এসেছে। আমি নিশ্চিত যে, আমরা কিলিয়ানকে তার সেরা ফর্মে দেখতে পাব।”

চ্যাম্পিয়ন্স লিগে এবার অবশ্য দুর্দান্ত ফর্মে আছেন এমবাপে। ৯ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি। শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগের জয়ে অবশ্য স্রেফ ২১ মিনিট খেলতে পেরেছিলেন তিনি। 

তবে তার মতো একজন ফুটবলার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তুলে ধরলেন আরবেলোয়া। প্রশ্নকর্তাকে খানিকটা চ্যালেঞ্জও জানিয়ে রাখলেন কোচ। 

“একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি কী ভাবি, আর তা হলো, এমবাপেকে দলে ফিরে পাওয়াটা আমাদের জন্য দারুণ সৌভাগ্যের। বিশ্বে এমন কোনো কোচ নেই, যিনি তাকে নিজের দলে চাইবেন না।”

“এমবাপে খুব ভালো করেই জানে রেয়াল মাদ্রিদ কী। সে রিয়াল মাদ্রিদের ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত... আমি চাই, বায়ার্ন ম্যাচের পর আপনি আমাকে (তার সম্পর্কে) আবার জিজ্ঞাসা করুন।”

বায়ার্নের কোচ ভেসোঁ কম্পানির কাছেও প্রশ্ন করা হলো, ভিনিসিউসের পাশে এমবাপে থাকলেই রেয়ালে জন্য বেশি ভালো নাকি খারাপ। তিনি এই আলোচনায় আগ্রহই দেখালেন না। 

“এটা মোটেও আমার আলোচনার বিষয় নয়। বিশ্বাস করুন, বায়ার্ন মিউনিখকে নিয়েই যথেষ্ট আলোচনার বিষয় আছে আমাদের, মাদ্রিদের বিষয়গুলোও আমার সমাধান করার দরকার নেই। আমি শুধু এটুকুই বলব যে, তারা দুজনেই অসাধারণ। বাকিটা রেয়াল মাদ্রিদের ওপর নির্ভর করছে।”

কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ঘরের মাঠে রেয়াল লড়বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।