Published : 29 Dec 2025, 04:48 PM
বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিয়মিত খেলার জন্য উন্মুখ মার্ক-আন্ড্রে টের স্টেগেন। সেই লক্ষ্যে জানুয়ারিতেই তিনি বার্সেলোনা ছাড়তে পারেন, এমন খবর শোনা যাচ্ছে। প্রথমে তার ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলায় যাওয়ার ব্যাপারে ‘আলোচনা চলছিল’, সেটা ‘ভেস্তে যাওয়ার পর’ স্পেনেই নাকি তিনি খুঁজছেন নতুন গন্তব্য। সম্ভাবনায় এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে লা লিগার ক্লাব জিরোনা।
চলতি মৌসুমের শুরুতে ভিলা ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। গত মৌসুমের শেষ দিকে সমর্থকদের বিদায়ও বলে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ক্লাব ছাড়া হয়নি তার।
পোস্টে ভিলার আস্থার প্রতীক মার্তিনেস। তিনি ক্লাব না ছাড়লে সেখানেও নিয়মিত খেলার সুযোগ মিলবে না টের স্টেগেনের। জার্মানি জাতীয় দলে ফিরতে নিজেকে প্রমাণ করতে নিয়মিত খেলা তার জন্য জরুরি।
বার্সেলোনায় সেটা সম্ভব হচ্ছে না। এখন গোলরক্ষক হিসেবে কোচ হান্সি ফ্লিকের প্রথম পছন্দ হোয়ান গার্সিয়া। বেশ কয়েকটি সংবাদ সম্মেলনে সেটা স্পষ্ট বলেছেন জার্মান কোচ।
চোট কাটিয়ে ফেরার পর ৩৩ বছর বয়সী টের স্টেগেন কেবল একটা ম্যাচ সুযোগ পেয়েছেন, কোপা দেল রের ম্যাচে। মৌসুমের দ্বিতীয় ভাগে কবে সুযোগ পাবেন, তাও নিশ্চিত নয়। যে কারণে শীতকালীন দল বদলের উইন্ডোতে নতুন ঠিকানা খুঁজে নিতে পারেন তিনি।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা স্পোর্ত তাদের প্রতিবেদনে বলেছে, ভিলা ও বার্সেলোনার আলোচনা ভেস্তে যাওয়ার পর, এই অভিজ্ঞ গোলরক্ষকের ব্যাপারে আগ্রাহী হয়ে উঠেছে জিরোনা। জানুয়ারিতে টের স্টেগেনকে পেতে সম্ভাব্য সবকিছু করবে তারা।