১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপরাজিত থেকেই নকআউটে ব্রাদার্স ইউনিয়ন

পাকিস্তানের মিডফিল্ডার হায়ান খাট্টাকের গোলে জয় পেয়েছে গোপীবাগের দলটি।

অপরাজিত থেকেই নকআউটে ব্রাদার্স ইউনিয়ন
ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 06:31 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

যানজটে মাঠে পৌঁছাতে দুই দলের দেরি হয়ে গেল, তাতে খেলাও শুরু হলো প্রায় পৌনে এক ঘণ্টা পর। শুরু থেকে ফকিরেরপুল ইয়ংমেন্সের রক্ষণে আধিপত্য করলেও, আক্রমণগুলো ধারাল ছিল না ব্রাদার্স ইউনিয়নের। দ্বিতীয়ার্ধে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে ম্যাচের ‘ডেডলক’ খুললেন হায়ান খাট্টাক। এই গোল আগলে রেখে, অপরাজিত থেকে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব পার হলো তারা। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জিতে নববর্ষের দিনটিৱ রাঙাল ব্রাদার্স। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠল তারা।

তিন ম্যাচে সবগুলো হেরে বর্তমানে টেবিলের তলানিতে আছে ফকিরেরপুল। ব্রাদার্সের বিপক্ষেও শুরু থেকে নিষ্প্রভ ছিল তারা। 

৩৬তম মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা শায়েক দোস্ত বক্সে কয়েকজনকে কাটিয়ে কাছের পোস্টে জোরাল শট নেন, বলের লাইনে ফকিরেরপুল গোলকিপার সাজু আহমেদ কোনোমতে পা দিয়ে আটকান বল।

প্রথমার্ধের শেষ দিকে শায়েকের বক্সের একটু ওপর থেকে নেওয়া ফ্রি কিক যায় বাইরে। যোগ করা সময়ে বক্সে তালগোল পাকান সাজু। ব্যকপাস ক্লিয়ার করতে গিয়ে দুর্বল শটে বল প্রতিপক্ষের রাজন হাওলাদারের পায়ে তুলে দেন তিনি। এরপর অবশ্য রাজনের শট দারুণ ক্ষিপ্রতায় ফিরিয়ে দেন সাজু।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়াতে থাকে ব্রাদার্স। ৫৯তম মিনিটে ভেতর থেকে বুটের তলার টোকায় মোজাম্মেল হোসেনের লক্ষ্যভেদের চেষ্টা রুখে দেন ফকিরেরপুল গোলকিপার। কিন্তু ৭০তম মিনিটে তিনি আর পারেননি। প্রায় ৩৫ গজ দূর থেকে হায়ানের জোরাল শট চোখে পলকে জাল খুঁজে নেয়।

গ্রুপের অন্য ম্যাচে, বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডাব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এই জয়ে গ্রুপ পর্ব পেরুনোর আশা বেঁচে আছে তাদের। 

তিন ম্যাচে ৫ করে পয়েন্ট বর্তমানে রহমতগঞ্জ ও আবাহনীর। আগামী ২৮ এপ্রিল দুই দলই নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচ খেলবে, সেদিন নির্ধারিত হবে তাদের ভাগ্য।