১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

১৪ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু পিএসজির, তবু ‘সন্তুষ্ট’ কোচ

প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর এবার হেরেই গেছে টানা পাঁচবারের ফরাসি চ্যাম্পিয়নরা, তবে দলের খেলায় খুশি কোচ লুইস এনরিকে।

১৪ বছরের মধ্যে সবচেয়ে বাজে শুরু পিএসজির, তবু ‘সন্তুষ্ট’ কোচ
ম্যাচ চলার সময় এভাবেই ফুটে উঠল লুইস এনরিকের হতাশা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 12:58 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

প্রথম দুই ম্যাচ তবু ড্র হয়েছিল। এবার হেরেই গেল পিএসজি। যে লিগে তারা অপ্রতিরোধ্য, যেখানে তাদের চ্যাম্পিয়ন হওয়াটা একরকম অবধারিতই, সেই লিগে এবার তাদের শুরুটা হয়েছে গত এক যুগের বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ। কোচ লুইস এনরিকে অবশ্য এখনও অস্থির হচ্ছেন না। মাঠে দলকে যেভাবে দেখছেন, কোচ তাতে খুশিই।

ফরাসি লিগে শুক্রবার এএস মোনাকোর কাছে ২-১ গোলে হেরে যায় পিএসজি। গত পাঁচ মৌসুমের চ্যাম্পিয়নরা এবার শুরুর তিন ম্যাচে পয়েন্ট পেয়েছে দুই। 

সেই ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবার লিগের প্রথম তিন ম্যাচে কোনো জয়ের মুখ দেখল না পিএসজি।

ম্যাচটি যদিও দারুণ আবহে শুরু করেছিল চ্যাম্পিয়নরা। খেলার আগে জানানো হয়, ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি সই করেছেন কোচ এনরিকে। গুরুত্বপূর্ণ দুই ফুটবলার জোয়াও নেভ্‌স ও ফাবিয়ান রুইসের নতুন চুক্তির ঘোষণাও দেওয়া হয়। 

ম্যাচের প্রথমার্ধে এগিয়েও যায় তারাই। ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে দলকে ৩১তম মিনিটে এগিয়ে দেন অধিনাক মার্কিনিয়োস। টানা দুই ম্যাচে গোলের দেখা পেলেন ব্রাজিলিয়া এই ডিফেন্ডার। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল করে দারুণ জয় আদায় করে নেয় মোনাকো।

রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা এখন লিগের পয়েন্ট তালিকায় আছে ১২ নম্বরে। এই সপ্তাহের অন্যান্য ফলের ওপর নির্ভর করে অবস্থান নেমে যেতে পারে আরও নিচে।

এমন শুরুর পরও ভড়কে যাচ্ছেন না এনরিকে। আতঙ্কিত হওয়ার কিছু তিনি দেখছেন না এখনও। 

“যা দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। মৌসুমের মাত্রই শুরু। এখনও আমরা আমাদের সেরা ফর্মে নেই, কিন্তু এই ম্যাচে জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। তবে এটাই ফুটবল… কখনও কখনও এটা খুব বাজে। তবে ম্যাচে অনেক ইতিবাচক দিকও দেখেছি। প্রত্যাশিত গোলের হিসাব আমাদের পক্ষেই আছে।

(এই পরাজয়) আমি কিভাবে ব্যাখ্যা করব? ফুটবল কখনও কখনও এরকমই ব্যাখ্যাতীত। ছেলেদের মানসিকতার দিকটি তুলে ধরতে চাই আমি। এবারের লিগ দারুণ রোমাঞ্চকর হবে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের।”

ডিফেন্ডার লুকাস এরনদেঁজের মতে, কিছু পরিবর্তনের কারণে দলে সমন্বয়ের কিছু ঘাটতি থাকতে পারে। তবে তিনি নিশ্চিত, সামনের পথচলায় দল ঘুরে দাঁড়াবেই। 

“হ্যাঁ, এটা আমাদের জন্য বেশ বিরল (তিন ম্যাচে জয়হীন থাকা)... কিন্তু এসব ফুটবলেরই একটা অংশ। আমার মনে হয় আমরা সবাই সঠিক পথেই আছি।

আক্রমণভাগের বেশ কজন ফুটবলার চলে গেছে, নতুন কজনও এসেছে। তাদেরকে সেরা অবস্থানে রাখাটা আমাদের দায়িত্ব, যাতে তারা আমাদের পদ্ধতির সাথে মানিয়ে নিতে পারে। ব্যাপারটা বেশ কঠিন, কারণ আমাদের দলে অনেক গতিশীলতা রয়েছে। কিন্তু এই দল এবং এই কোচের ওপর আমার বিশ্বাসের কমতি নেই। যদিও মৌসুমের শুরুটা আমরা যেমনটা চেয়েছিলাম, তেমন হয়নি।”

পিএসজি মৌসুমের পর পর মৌসুম শিরোপা জিতলেও মোনাকোর জন্য এই জয় খুব বড় চমক নয়। বরং টানা তিন ম্যাচে তারা হারিয়ে দিল লিগের সবচেয়ে বড় দলকে।