ছিটকেই গেলেন মুসিয়ালা
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তরুণ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পাচ্ছে না বায়ার্ন মিউনিখ।
শঙ্কাই সত্যি হলো। হ্যামস্ট্রিংয়ের চোটে অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন জামাল মুসিয়ালা। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জার্মান এই অ্যাটাকিং মিডফিল্ডারকে পাচ্ছে না বায়ার্ন মিউনিখ।
আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী মঙ্গলবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে ইতালিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে বায়ার্ন।
বুন্ডেসলিগায় শুক্রবার আউক্সবুর্কের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে এই চোট পান মুসিয়ালা। ৫৪তম মিনিটে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় ২২ বছর বয়সী এই ফুটবলারকে। তখনই জাগে তার ছিটকে পড়ার শঙ্কা।
পরে বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানিও বলেন মুসিয়ালাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা। এবার শনিবার তাকে লম্বা সময়ের জন্য হারানোর বিষয়টি নিশ্চিত করল জার্মান জায়ান্টরা।
এমনিতেই তিন ডিফেন্ডার হিরোকি ইতো, আলফুঁস ডেভিস ও দায়ত উপামেকানো এবং দলের প্রথম পছন্দের গোলরক্ষক মানুয়েল নয়ারকে পাচ্ছে না বায়ার্ন। এবার মুসিয়ালাকে হারানো তাদের জন্য বড় ধাক্কা।
চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের ফিরতি লেগ আগামী ১৬ এপ্রিল।
