Published : 03 Sep 2026, 06:08 PM
চোটের জন্য খেলার বাইরে থাকা রাউল আসেন্সিওর কাণ্ড একদমই ভালো লাগেনি রেয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়োর। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো তরুণ ডিফেন্ডারকে তিনি মনে করিয়ে দিয়েছেন, রেয়ালের একজন খেলোয়াড়ের ২৪ ঘণ্টাই নিবেদিত থাকা উচিত।
গ্রহণযোগ্য মাত্রার চেয়ে প্রায় চারগুণ বেশি অ্যালকোহল পাওয়া যাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ২৩ বছর বয়সী সেন্টার ব্যাক। তার সমালোচনা করার পাশাপাশি পাশেও দাঁড়িয়েছেন পর্তুগিজ কোচ।
লা লিগার শুক্রবার রেয়াল বেতিসের বিপক্ষে খেলবে রেয়াল মাদ্রিদ। এর আগে মরিনিয়োর সংবাদ সম্মেলনে এলো আসেন্সিওর প্রসঙ্গ।
“ক্লাব তদন্ত শুরু করেছে। আর কোচ হিসেবে তদন্ত চলার সময়টায় তাকে আমি রেয়ালের খেলোয়াড় হিসেবেই দেখব। এখানে আসার সময় তার সঙ্গে আমি কথা বলেছিলাম, সেগুলো ছিল অতীতের নানা ব্যাপার নিয়ে। এখানে আসার পর তার সঙ্গে আমার কথা হয়নি।
“ভালদেবেবাসের (রেয়ালের অনুশীলনের জায়গা) বাইরের পরিস্থিতি নিয়ে আমি আর আলোচনা করব না। কারণ, এখানে সে সত্যিকারের পেশাদার। ফিট থাকলে অনুশীলনে সে-ই সবচেয়ে বেশি পরিশ্রম করে। সবার আগে আসে এবং সবার পরে বের হয়। রেয়াল মাদ্রিদ্রের একজন খেলোয়াড়ের ২৪ ঘণ্টাই নিবেদিত থাকতে হয়। কারণ, মাঠের বাইরের ঘটনা তার ও ক্লাবের সুনাম ক্ষুণ্ন করতে পারে। আমি এতে খুশি নই। তবে, আমরা সবাই ভুল করি। যদি সেগুলো একের পর এক হতে থাকে তাহলে সেটা হবে ভিন্ন ব্যাপার।”
লা লিগার কেবল দ্বিতীয় দল হিসেবে আসরে শতভাগ জয়ের ধারা অক্ষুন্ন রেখেছে রেয়াল। গোল পার্থক্যে পিছিয়ে দুই নম্বরে আছে তারা। গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা আছে চূড়ায়।