১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৯০০ গোলের দুয়ারে মেসি, কোচ বললেন ‘অলৌকিক’

আর মাত্র দুটি গোল করলেই ৯০০ ক্যারিয়ার গোল পূর্ণ করবেন আর্জেন্টাইন জাদুকর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 02:17 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

লিওনেল মেসির সঙ্গে ৮ বছর বার্সেলোনার জার্সিতে খেলেছেন হাভিয়ের মাসচেরানো। জাতীয় দলে একসঙ্গ খেলেছেন এক যুগের বেশি। সতীর্থ থেকে এখন বদলে গেছে পরিচয়। ইন্টার মায়ামিতে তিনি মেসির কোচ। ভূমিকা বদলে গেলেও রয়ে গেছে মুগ্ধতা। ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় থাকা জাদুকরের প্রতি সেই বিস্ময় ও ভালো লাগার কথা জানালেন ইন্টার মায়ামি কোচ।

ক্যারিয়ার গোল ৯০০ পূর্ণ হতে আর মাত্র ২টি গোল প্রয়োজন মেসির। পরের ম্যাচেই ধরা দিতে পারে অবিস্মরণীয় এই মাইলফলক।

এই গোলগুলির অনেকগুলোই কাছ থেকে দেখেছেন মাসচেরানো। সেই গর্ব আর তৃপ্তি তার আছে। পাশাপাশি অকপটে বললেন, দীর্ঘদিনের একসঙ্গে পথচলায়ও মেসির গোলে তার অবদান নেই তেমন একটা।

“আমি স্রেফ সুবিধাভোগী দর্শক, এর বেশি নই, কমও নই। তার গোলে আমার খুব একটা অবদান নেই। (খেলোয়াড়ি জীবনে) গোলে সহায়তার দিক থেকে ছিল না, এখন কোচ হিসেবেও নেই। তবে আমি সৌভাগ্যবান যে বেশির ভাগই বা অনেক গোলই দেখেছি খুব কাছ থেকে। আপনারদের চেয়ে অনেক কাছ থেকে দেখেছি এবং এটা অবশ্যই সৌভাগ্যের।”

“যে সংখ্যার কথা আপনি বলছেন (৯০০) এটা স্রেফ অলৌকিক এবং এজন্যই লিও একজন, তার মতো কেউ নেই।”

অস্তিত্বে জুড়ে থাকা ক্লাব বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেছেন মেসি। ৭৯টি করেছেন বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে, ৩২টি পিএসজির জার্সিতে। দেশের হয়ে করেছেন ১১৫ গোল।