Published : 07 Aug 2026, 08:16 PM
ক্লাব লাইসেন্সিং ও দলবদলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেন্সের জন্য সময় বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মঙ্গলবারের মধ্যে শর্তগুলো পূরণের সুযোগ তিন ক্লাবকে দিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
২০২৬-২৭ মৌসুমের দলবদলের কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু ফিফা নিষেধাজ্ঞা এবং ক্লাব লাইসেন্স না থাকায় এই তিনটি দল দলবদলের কার্যক্রম চালিয়ে নিতে নিতে পারছে না।
লাইসেন্সিংয়ের শর্তসমূহ পূরণের জন্য দলগুলোকে এর আগে বাফুফে সময় দিয়েছিল ৩ অগাস্ট পর্যন্ত। এরপর প্রথম দফায় তা বাড়িয়ে ৭ অগাস্ট করে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে বাফুফে জানিয়েছে আরও চার দিন বাড়ানোর কথা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সের শর্তসমূহ পূরণের সময়সীমা ১১ অগাস্ট ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট সকল ক্লাবকে বর্ধিত সময়সীমার মধ্যে ক্লাব লাইসেন্সের জন্য প্রয়োজনীয় সকল প্রক্রিয়া ও শর্তসমূহ পূরণ করার জন্য অনুরোধ জানাচ্ছে।”
এই তিন দলের মধ্যে ফকিরেরপুল ইয়ংমেন্স গত লিগ থেকে অবনমিত হয়ে গিয়েছিল। বাফুফের নির্বাহী কমিটি জরুরি মিটিং করে আরামবাগ ক্রীড়া সংঘের সাথে ফকিরেরপুলকে নতুন মৌসুমে খেলার জন্য অবনমন প্রত্যাহার করে নেয় কয়েকদিন আগে। তবে, দলটির উপর ফিফার দুটি নিষেধাজ্ঞা রয়েছে খেলোয়াড় ও স্টাফদের বকেয়া পরিশোধ না করার ইস্যুতে।
একই কারণে বসুন্ধরা কিংসের উপর ১২টি ও আবাহনীর উপর আপাতত একটি নিষেধাজ্ঞা রয়েছে। তিনটি নিষেধাজ্ঞার দুটির সুরাহা আবাহনী এরই মধ্যে করেছে।