১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের জয়ে ‘বাড়তি চাপে নেই’ সিটি

পয়েন্ট তালিকায় মিকেল আর্তেতার দল এগিয়ে থাকলেও, নিজেদের পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিচ্ছেন পেপ গুয়ার্দিওলা।

আর্সেনালের জয়ে ‘বাড়তি চাপে নেই’ সিটি
পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 08:41 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে শেষ দিকের গোলে আর্সেনালের জয় ম্যানচেস্টার সিটির ওপর বাড়তি চাপ সৃষ্টি করেনি বলে দাবি করলেন পেপ গুয়ার্দিওলা। মিকেল আর্তেতার দলের পাঁচ পয়েন্টে এগিয়ে থাকা নিয়েও বিচলিত নন তিনি।  

৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। বুধবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেও, গুয়ার্দিওলার দল দুই পয়েন্টে পিছিয়ে থাকবে এবং বাকি থাকবে দুই রাউন্ড। 

আগের দিন সংবাদ সম্মেলনে দলের ওপর চাপ নিয়ে জানতে চাওয়া হলে গুয়ার্দিওলা বলেন, “দুই দিন, তিন দিন, চার দিন আগে যেমন ছিল, এখনও সেই একই (চাপ)।”

“ম্যানেজার হিসেবে আমার ক্যারিয়ার থেকে যা শিখেছি তা হলো, যা নিজের নিয়ন্ত্রণে নেই, তা ভুলে যেতে হবে। (লক্ষ্য হলো) এই মৌসুমে যা ভালোভাবে করতে পারিনি, তা আরও ভালোভাবে করা, প্রিমিয়ার লিগের জন্য লড়াই করতে আরও ভালো অবস্থানে পৌঁছানো, যে লড়াই আমরা এখনও করে যাচ্ছি।”

প্যালেসকে হারানো কঠিন হবে বলে মনে করছেন গুয়ার্দিওলা। যদিও পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে থাকা দলটি লিগে তাদের সবশেষ চার ম্যাচে জয়হীন।

২৭ মে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে প্যালেসের উয়েফা কনফারেন্স লিগ ফাইনালের কথা উল্লেখ করে সিটি কোচ বলেন, ‘তাদের ইউরোপিয়ান ফাইনাল আছে।”

“অনেক পরিবর্তনের কারণে প্রিমিয়ার লিগে হয়তো তারা কিছুটা ভুগছে। ওদের কোচ চলে যাচ্ছে… হয়তো তারা ধারাবাহিক ছিল না, কিন্তু তাদের মান আছে।”