২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লেভানদোভস্কি নাকি তরেস, কাম্প নউ ছাড়বেন কে?

নতুন একজন তারকা সেন্টার ফরোয়ার্ড দলে আনার চেষ্টায় আছে বার্সেলোনা; তবে নাজুক আর্থিক পরিস্থিতিতে কাজটা বেশ কঠিন।

লেভানদোভস্কি নাকি তরেস, কাম্প নউ ছাড়বেন কে?
রবের্ত লেভানদোভস্কি (বাঁয়ে) ও ফেররান তরেস। ছবি: মার্কা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 05:56 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

স্কোয়াড শক্তিশালী করতে আগামী গ্রীষ্মের দলবদলের দিকে তাকিয়ে আছে বার্সেলোনা। তবে, পরিকল্পনা বাস্তবায়নের আগে তাদের নিজেদেরই একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। গণমাধ্যমের খবর, ফেররান তরেস ও অভিজ্ঞ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কির মধ্যে একজনকে ছাড়তে চায় ক্লাব।

বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমে বলা হচ্ছে, একজন নতুন সেন্টার ফরোয়ার্ড চুক্তিভুক্ত করার সিদ্ধান্ত একরকম পাকা হয়ে গেছে। আগামীর ভাবনায় দলের এই পজিশনে নতুন খেলোয়াড় আনাই বেশি গুরুত্ব পাচ্ছে।

আসছে ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনে হুয়ান লাপোর্তার দীর্ঘদিনের প্রতিপক্ষ ভিক্তর ফন্ত ঘোষণা দিয়েছেন, তিনি জিতলে আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেসকে নিয়ে আসবেন। লাপোর্তার মুখ থেকে শোনা গেছে আর্লিং হলান্ডের প্রতি আগ্রহের কথাও। তবে, ক্লাবের আর্থিক অবস্থা বিবেচনায় এই দুজনের যে কাউকেই দলে আনা বার্সেলোনার জন্য ভীষণ চ্যালেঞ্জিং হবে।

এসবের আগে, ক্লাব কর্তৃপক্ষ ৩৭ বছর বয়সী লেভানদোভস্কি ও ২৫ বছর বয়সী তরেসের মধ্যে একজনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর দিয়ারিও স্পোর্তের।

আর নামটি হতে পারে লেভানদোভস্কি। চলতি মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হবে পোলিশ তারকার। বয়সও হয়েছে তার। অবশ্য তার সঙ্গে আরও এক বছরের চুক্তি করা হতে পারে বলেও শোনা গেছে।

আর তরেসের চুক্তির মেয়াদ আছে ২০২৭ সালের জুন পর্যন্ত। নতুন চুক্তির বিষয়ে এখনও কোনো সমঝোতার খবর আসেনি। তাই বার্সেলোনার তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে আসতে হবে নয়তো নতুন চুক্তি করতে হবে।

স্প্যানিশ এই ফরোয়ার্ড অবশ্য আগে একাধিকবার বলেছেন, তিনি কাম্প নউ ছাড়তে চান না। এই মৌসুমের পারফরম্যান্স বিবেচনায়ও একটু এগিয়ে আছেন তিনি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩১ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন তরেস। আর ২৮ ম্যাচে ১৩ গোল করেছেন সাবেক বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড তারকা।