ইংলিশ ফুটবল
Published : 13 Mar 2026, 10:50 PM
ছোট্টবেলায় যে জার্সি গায়ে চাপিয়েছেন, সেই দলে আরও অনেক বছর থাকার ব্যবস্থা করে ফেলেছেন রিস জেমস। চেলসির সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন এই ইংলিশ ডিফেন্ডার।
ক্লাবটির ওয়েবসাইটে শুক্রবার অধিনায়ক জেমসের সঙ্গে নতুন চুক্তির খবর দিয়েছে চেলসি। ২০৩২ সালের জুন পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে খেলবেন তিনি।
ছয় বছর বয়সে লন্ডনের এই ক্লাবে ফুটবলে হাতেখড়ি শুরু জেমসের। এরপর যুব দল হয়ে জায়গা করে নেন চেলসির মূল দলে। দ্রুতই দলের রক্ষণভাগের ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি।
২০২৩ সালে তার কাঁধে নেতৃত্বভারও তুলে দেয় চেলসি।
চুক্তিপত্রে স্বাক্ষরের পর জেমস বলেন, “সত্যি বলতে এজন্য সিদ্ধান্ত নেওয়ার কিছু ছিল না।”
“আমি এই ক্লাবেই বেড়ে উঠেছি, এই ক্লাবকে ভালোবাসি। এখানে আমি জয়ের স্বাদ পেয়েছি এবং বিশ্বাস করি, আগামীতে অনেক কিছু (সাফল্য) আসবে।”
ঃতার আগের চুক্তির মেয়াদ শেষ হতো ২০২৮ সালে।
চেলসির হয়ে মোট ২২৫টি ম্যাচ খেলেছেন জেমস। একটি করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপসহ কয়েকটি শিরোপা জিতেছেন ২৬ বছর বয়সী এই রাইট-ব্যাক।