১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিএসজি ছেড়ে এভারটনে ফিরলেন গেয়ি

প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন সেনেগালের এই মিডফিল্ডার।

পিএসজি ছেড়ে এভারটনে ফিরলেন গেয়ি

ইদ্রিসা গেয়ি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 11:00 PM

Updated : 01 Sep 2022, 11:06 PM

আলোচনা চলছিল গত মাস থেকে। গ্রীষ্মের দলবদলের শেষ দিনে এলো আনুষ্ঠানিক ঘোষণা। পিএসজি থেকে এভারটনে ফিরলেন সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি।

৩২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে দুই বছরের চুক্তির কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় প্রিমিয়ার লিগের দলটি। ট্রান্সফার ফি প্রকাশ করা হয়নি।

২০১৯ সালে এভারটন থেকেই ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছিলেন গেয়ি। তার আগে ২০১৬ সাল থেকে ইংলিশ ক্লাবটির হয়ে তিনি খেলেন ১০৮ ম্যাচ। পুরনো ঠিকানায় ফিরে উচ্ছ্বসিত এই খেলোয়াড়।

“ঘরে ফেরার চেয়ে ভালো অনুভূতি আর কিছু নেই। আবার এভারটনে আসতে পেরে আমি খুব খুশি। দলকে সাহায্য করতে এবং কঠোর পরিশ্রম করতে আমার সর্বোচ্চটা দেব আমি।”

পিএসজির হয়ে গেয়ি ১১১ ম্যাচ খেলে গোল করেন ৭টি। প্যারিসের দলটির হয়ে তিনি দুইবার করে জেতেন লিগ ওয়ান ও ফরাসি কাপ। ২০২০ সালে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে রাখেন অবদান।