২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘আন্ডারডগ’ হয়ে রিয়ালকে চমকে দেওয়ার আশায় ল্যাম্পার্ড

প্রতিপক্ষকে ফেভারিট মেনে নিতে কোনো আপত্তি নেই চেলসি কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 04:03 PM

Updated : 12 Apr 2023, 04:04 PM

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে সবদিক বিবেচনায় এগিয়ে থেকেই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। মলিন মৌসুমে ইংলিশ ক্লাবটি যে নিজেদের হারিয়ে খুঁজছে। আসছে ম্যাচে তাই ফেভারিট ধরা হচ্ছে কার্লো আনচেলত্তির দলকেই। চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডও প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন। তবে সবার ভাবনা ভুল প্রমাণ করার লক্ষ্যে তার দল মাঠে নামবে, বললেন তিনি।

সান্তিয়াগো বের্নাবেউয়ে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার মুখোমুখি হবে চেলসি ও রিয়াল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় দফায় চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হওয়ার পর ইউরোপ সেরার মঞ্চে এটি ল্যাম্পার্ডের প্রথম ম্যাচ। স্ট্যামফোর্ড ব্রিজের শুরুতে চলতি মাসের শুরুতে গ্রাহাম পটারের স্থলাভিষিক্ত হন সাবেক এই মিডফিল্ডার। দায়িত্বের প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের কাছে হার দিয়ে শুরুর পর তার জন্য অপেক্ষা করছে আরও কঠিন পরীক্ষা।

চলতি মৌসুমে পারফরম্যান্সের বিচারে এই দুই দলের মাঝে পার্থক্য অনেক। মৌসুমের শুরু থেকে একের পর এক ব্যর্থতায় প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১১তম স্থানে নেমে গেছে চেলসি। আগেই ছিটকে গেছে লিগ কাপ ও এফএ কাপ থেকে।

রিয়ালেরও লিগ শিরোপা জয়ের সম্ভাবনা ফিকে হয়ে গেছে; বার্সেলোনার চেয়ে পিছিয়ে দুই নম্বরে আছে তারা। তবে অন্য দুই প্রতিযোগিতায় আছে ভালো অবস্থানে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তারা লিভারপুলকে বিদায় করে দেয় ৬-২ গোলের অগ্রগামিতায়। আর কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনাকে কাম্প নউয়ে ৪-০ গোলে উড়িয়ে দেয় মাদ্রিদের দলটি। ফাইনালে পা রাখে ৪-১ গোলের অগ্রগামিতায়।

নিজেদের সবশেষ ম্যাচে অবশ্য লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে রিয়াল। এরপরও চেলসির বিপক্ষে বাজির দরে এগিয়ে আছে তারাই।

আপাতত কাগজে-কলমে প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে থাকার বিষয়টি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ল্যাম্পার্ডও মেনে নিলেন। তবে আশাবাদ ব্যক্ত করে বললেন, তার দলের পক্ষে ইতিবাচক ফল আদায় করা সম্ভব।

“এই পর্যায়ে চাপ সবসময় থাকবে। রিয়াল মাদ্রিদ ফেভারিট কি-না? হ্যাঁ এবং আমি এর কারণটাও বুঝতে পারি। এটাই আমাদের চলতি মৌসুমের জটিলতা। তবে আমার কাছে এটা কোনো সমস্যা নয়।”

“ফুটবলে সবাইকে ভুল প্রমাণ করার চেষ্টা করার চেয়ে ভালো আর কিছু নেই, আর তা হলো আন্ডারডগ হিসেবে মাঠে নেমে ভালো ফল আদায় করে নেওয়া।…আমার মতে, আমাদের জন্য এটা দারুণ এক চ্যালেঞ্জ।”

ল্যাম্পার্ড মনে করেন, সেরার কাতারে উঠতে শীর্ষ পর্যায়ের ফুটবলের চাপ সামলে নেওয়ার দক্ষতা দেখাতে হবে তাদের।

“(চাপ) এটা নিয়ে আমি চিন্তিত নই। চাপের প্রশ্নে আমি তা নিয়ে একেবারে চিন্তিত নই। এই পর্যায়ের ফুটবল মানেই একটা চাপ। আপনি যদি চাপ সামলাতে না পারেন তাহলে আপনি বড় ক্লাব নন, আপনি বড় খেলোয়াড় বা এতে অংশগ্রহণকারীও নন।”