১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘রেয়ালকেই জিজ্ঞেস করুন’, প্রশ্নকারীর কোর্টেই বল ঠেলে দিলেন ফ্লিক

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগের সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচের কথা বলতে হলো অন্য প্রসঙ্গেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 10:17 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বার্সেলোনার আসছে ম্যাচ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে, কিন্তু হান্সি ফ্লিকের সংবাদ সম্মেলনে প্রশ্ন হলো রেয়াল মাদ্রিদকে নিয়ে! বার্সেলোনার কোচ যেন উষ্মাভরা কণ্ঠে বল ঠেলে দিলেন প্রশ্নকারীর কোর্টেই।

আতলেতিকোর মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় খেলতে নামবে বার্সেলোনা। ফিরতি লেগের ম্যাচে দুই দল কাম্প নউয়ে মুখোমুখি হবে আগামী মার্চে।

প্রথম লেগের ম্যাচ সামনে রেখে চোট জর্জর দল, লক্ষ্য নিয়ে সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর সাবলীলভাবেই দিয়েছেন ফ্লিক। এরই মধ্যে এক জন প্রশ্ন করে বসেন রেয়াল মাদ্রিদের চেয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলা কঠিন কিনা। বার্সেলোনা কোচ স্পষ্ট করেই বলে দেন, রেয়াল নিয়ে কথা বলতে মোটেও আগ্রহী নন তিনি।

“আমি কেবল এই ম্যাচে মনোযোগ দিচ্ছি। রেয়াল মাদ্রিদকে নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। এগুলো আপনাদের জন্য ভালো, কিন্তু আমি এগুলো পাত্তা দেই না।”

“যদি আমরা রেয়ালের বিপক্ষে খেলতাম, তাহলে তাদের উপর মনোযোগ দিতাম। আতলেতিকোর শ্রদ্ধা প্রাপ্য। তারা চমৎকার একটি দল। এই পর্যায়ে, এই দলগুলোর বিপক্ষে খেলা চমৎকার।”

রেয়ালকে হারিয়েই গত মৌসুমে কোপা দেল রের শিরোপা জিতেছিল বার্সেলোনা। অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর সেই ফাইনালে ফ্লিকের দল উৎসব করেছিল ৩-২ ব্যবধানে জিতে। 

কোপা দেল রের এবারের আসরে রেয়ালের যাত্রা থামে শেষ ষোলোয়। আলবাসেতের বিপক্ষে ৩-২ গোলে হেরে ছিটকে যায় মাদ্রিদের দলটি। কোয়ার্টার-ফাইনালে আলবাসেতের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে বার্সেলোনা।

সেমি-ফাইনালে উঠে আসা বার্সেলোনাকে নিয়ে অবশ্য অতি উৎসাহীদের কেউ কেউ তোলেন বাঁকা প্রশ্ন। বলে থাকেন, বার্সেলোনা খেলেছে সহজ প্রতিপক্ষের সাথে। এমন প্রশ্নে এক কথায় উত্তর দিয়েছেন ফ্লিক।

“রেয়াল মাদ্রিদকেই জিজ্ঞাসা করুন।”