Published : 18 Jan 2026, 08:23 AM
কোপা দেল রেতে দ্বিতীয় স্তরের দলের বিপক্ষে হারের পর, ঘরের মাঠে যেকোনো মূল্যে জয় প্রয়োজন ছিল রেয়াল মাদ্রিদের। লেভান্তের বিপক্ষে প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সের পর, ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য পূরণ করেছে আলভারো আরবেলোয়ার দল। এতে বড় ভূমিকা রাখা রাউল আসেন্সিও মনে করছেন, এভাবেই তাদের এগিয়ে যেতে হবে।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ২-০ গোলে জিতেছে রেয়াল। বিরতির পর সফল স্পট কিকে কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর, চমৎকার হেডে ব্যবধান বাড়িয়েছেন আসেন্সিও।
ম্যাচ শেষে রেয়াল মাদ্রিদ টিভিকে আসেন্সিওকে বলেন, এই জয় ভক্তদের প্রাপ্য ছিল।
“আমাদের ভক্তদের সামনে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, সবাই এটাকে বদলাতে চাচ্ছিল। আলবাসেতের বিপক্ষে সেদিন এমন কিছু ঘটে, যা ঘটা উচিত হয়নি এবং এর জন্য নিজেদের অপরাধী ও ভক্তদের কাছে ঋণী মনে হচ্ছিল।”
“দল আজ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। আর এটাই এগিয়ে যাওয়ার পথ। আমরা ড্রেসিংরুমে নিজেদের মধ্যে কথা বলছিলাম এবং একটা বিষয়ে একমত হয়েছিলাম। (সমস্যা নিয়ে) আলোচনা করা এবং কোচের মতামত শোনা জরুরি। এর জন্যই আমরা দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলাতে পেরেছি।”
দ্বিতীয়ার্ধের শুরুতে আর্দা গিলের ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে মাঠে নামান আরবেলোয়া। এতে রেয়ালের আক্রমণের ধার বাড়ে। বদলি নেমে নজরকাড়া ফুটবল খেলেন গিলের। তার কর্নারেই গতিময় হেডে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আসেন্সিও।
রেয়ালের মাঠে টানা দুই ম্যাচে জালের দেখা পেলেন এই ডিফেন্ডার। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি তিনি।
“আমি অভ্যস্থ হচ্ছি, আমি খুব খুশি। যখন আমি এখানে খেলি, যখন আমি বাইরে খেলি, রাস্তায় কিংবা সামাজিক মাধ্যমে আমি প্রতিদিনই ভক্তদের উষ্ণতা অনুভব করি। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং আশা করি, এটা লম্বা সময় ধরে একই রকম থাকবে।”