Published : 12 Aug 2025, 11:05 PM
জ্যাক গ্রিলিশের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটল অবশেষে। ম্যানচেস্টার সিটি থেকে চলতি মৌসুমের জন্য ধারে ইংলিশ মিডফিল্ডারকে দলে টানল এভারটন।
২৯ বছর বয়সী এই ফুটবলারের এভারটনে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল কদিন ধরেই। প্রিমিয়ার লিগের দুই ক্লাবই মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিবৃতিতে নিশ্চিত করে বিষয়টি।
এভারটনের বিবৃতিতে গ্রিলিশ বললেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির কোচ ডেভিড ময়েসের সঙ্গে আলোচনা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল।
“এভারটনে চুক্তিবদ্ধ হতে পেরে আমি আনন্দিত। সত্যি বলতে, এটা আমার জন্য বিশাল ব্যাপার। চমৎকার সমর্থকদের সঙ্গে নিয়ে দুর্দান্ত একটি ক্লাব এটা। ম্যানেজারের (ময়েস) সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গেই আমি বুঝতে পারি যে, শুধু একটি জায়গাতেই আমি যেতে চাই।”
২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে সিটিতে যোগ দেন গ্রিলিশ। শুরুতে নিজের সামর্থ্যের জানানও দেন তিনি। দুই বছর আগে ক্লাবটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন ছিলেন এই তারকা।
তবে তাকে ঘিরে সেই সুসময় স্থায়ী হয়নি। গত মৌসুমের শুরু থেকে সিটি ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়ে শেষ দিকে ঘুরে দাঁড়ালেও, গ্রিলিশ পুরোটা সময়ই ছিলেন খোলসে বন্দি। এরপর তাকে বাদ দিয়ে জুন-জুলাইয়ের ফিফা ক্লাব বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেন কোচ পেপ গুয়ার্দিওলা।
পরে জুনের মাঝমাঝি কোচ পরিষ্কার করে জানিয়ে দেন, নিয়মিত খেলার সুযোগ পেতে গ্রিলিশের ঠিকানা বদল করাই হবে ভালো সিদ্ধান্ত। পরে মাঝের প্রায় পুরোটা সময় একা অনুশীলন করেন তিনি। দীর্ঘদিন পর গত মাসের শেষ দিকে প্রাক-মৌসুমে সিটির প্রথম অনুশীলনের দিনে দলের সঙ্গে যোগ দেন গ্রিলিশ।
এবার তিনি পেয়ে গেলেন নতুন ঠিকানা। আগামী সোমবার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে এভারটনের জার্সিতে অভিষেক হতে পারে তার।