এফএ কাপ
Published : 16 May 2026, 09:58 PM
অ্যান্টোয়ান সেমেনিওয়ার দুর্দান্ত ফ্লিক গড়ে দিল ব্যবধান। চলতি মৌসুমে ট্রেবলের আশা বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতে নিল পেপ গুয়ার্দিওলার দল।
ওয়েম্বলিতে শনিবার ফাইনালে ১-০ গোলে জিতেছে সিটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেছেন সেমেনিও।
ইংল্যান্ডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি সিটির অষ্টম শিরোপা, এর আগে সবশেষ জিতেছিল ২০২২-২৩ মৌসুমে।
২০১৮-১৯ ও ২০২২-২৩ মৌসুমের পর ফের এফএ কাপ ও লিগ কাপের ডাবল জিতল সিটি। ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল তারা। অবশ্য প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য এখন আর তাদের হাতে নেই।
প্রথম ১০ মিনিটে গোলের জন্য তিনটি শট নেয় সিটি, এর দুটি ব্লকড হয়। অন্যটি ফেরান গোলরক্ষক রবের্ত সানচেস।
নিষ্প্রাণ প্রথমার্ধে সেরা সুযোগ পায় সিটি, ৪৩তম মিনিটে। দুরূহ কোণ থেকে আর্লিং হলান্ডের বাঁ পায়ের শট চমৎকার রিফ্লেক্সে ব্যর্থ করে দেন সানচেস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ হাতছাড়া করেন সেমেনিও। ৪৭তম মিনিটে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
এরপর লম্বা সময় যেন নিজেদের ছায়া হয়ে ছিল সিটি। সে সময়ে রাজত্ব করে চেলসি। কিছু সুযোগও তৈরি করে তারা। সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি।
৭২তম মিনিটে সেমেনিওর দুর্দান্ত ফিনিংশিংয়ে এগিয়ে যায় সিটি। হলান্ডের কাটব্যাকে বল পেয়ে চমৎকার ফ্লিকে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়ে বলের নাগাল পাননি গোলরক্ষক।
সমতা ফেরানোর সুযোগ এসেছিল চেলসির সামনে। কাজে লাগাতে পারেননি এন্সো ফের্নান্দেস, পেদ্রো নেতোরা। ব্যবধান বাড়ানোর সুযোগও কাজে লাগাতে পারেননি হলান্ড, সেমেনিওরা।
রেফারি শেষ বাঁশি বাজাতেই শিরোপার উল্লাসে মেতে ওঠেন ‘অনুশীলন ছাড়াই’ ফাইনালে খেলা সিটির খেলোয়াড়রা। আবেগ ছুঁয়ে যায় বের্নার্দো সিলভাকে। সিটির খেলোয়াড় হিসেবে শেষবার ওয়েম্বলিতে খেললেন তিনি।