Published : 26 Sep 2025, 05:45 PM
শুরু থেকে সাদামাটা ফুটবল খেললেন সুলেমানে দিয়াবাতে-শেখ মোরসালিন-আল আমিনরা। পরেও বিবর্ণতা কাটিয়ে উঠতে পারল না আবাহনীর আক্রমণভাগ। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ড্র করে নতুন মৌসুমের লিগ শুরু করল আকাশি-নীল জার্সিধারীরা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার গোলশুন্য ড্র করেছে আবাহনী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে দেশের ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতার নতুন নামকরণ করা হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ।
ম্যাচের তৃতীয় মিনিটেই সতীর্থের পাসে সলোমন কিং কনফার্মের প্লেসিং শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়। দশম মিনিটে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েন ক্লেমেন্ট আদু, কিন্তু বলের গতির সঙ্গে আর পেরে ওঠেনি তিনি। এগিয়ে এসে ক্লিয়ার করেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা।
দিয়াবাতে, মোরসালিন ও আল আমিনকে নিয়ে গড়া আবাহনীর আক্রমণভাগ এই অর্ধে প্রতিপক্ষ গোলকিপারকে তেমন কোনো পরীক্ষাই নিতে পারেনি।
৩৮তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। বলের দখল নিতে গিয়ে কাজেম শাহ কিরমানির মুখে আঘাত করে বসেন আরাফাত হোসেন। তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সাইমন সানি। চোখে আঘাত লাগায় মাঠ থেকে আম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কাজেমকে।
দ্বিতীয়ার্ধেও যা একটু চেষ্টা করছিল রহমতগঞ্জ। তবে মিতুলের দেয়াল ভাঙতে পারেনি তারা। ৫২তম মিনিটে রহমতগঞ্জ গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করতে পারেনি দিয়াবাতের শট। গত লিগে মোহামেডানের শিরোপা জয়ের নেতৃত্ব দেওয়া মালির এই ফরোয়ার্ড আবাহনীর জার্সিতে লিগের প্রথম ম্যাচে থাকলেন নিষ্প্রভ।
৫৩তম মিনিটে আদামা জামেহ’র শট পাঞ্চ করে ফেরান মিতুল। ৬৮তম মিনিটে কনফার্মের থ্রু পাসে ভালো সুযোগ পেয়েছিলেন আদু, কিন্তু আবাহনীর এক ডিফেন্ডারের চার্জে বক্সে পড়ে যান তিনি।
সবশেষ ২০১৭-১৮ মৌসুমে লিগ জয়ী আবাহনী শেষ দিকে একটু আক্রমণাত্মক খেলার চেষ্টা করতে থাকে। ৮০তম মিনিটে মোরসালিনের জোরাল শট সরাসরি আলিফের গ্লাভসে জমে যায়। একটু পর আল আমিনের শট ফিস্ট করে কর্নার করে দেন আলিফ।
দিনের অন্য ম্যাচে, মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ ১-১ ড্র করেছে।