১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

থাইল্যান্ডের জুটিকে হারিয়ে ফাইনালে জুমার-ঊর্মি

মিশ্র দ্বৈতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের এই জুটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 05:21 PM

শুরু থেকে আলো ছড়ালেন আল আমিন জুমার-ঊর্মি আক্তার। থাইল্যান্ডের জুটিকে উড়িয়ে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২৫ এ মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছেন তারা।

পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুক্রবার সেমি-ফাইনালে কুনলাপাত লোহথং-সারিসা জানপেং জুটিকে ২-০ সেটে হারান জুমার-ঊর্মি।

শুরু থেকেই কোর্টে আধিপত্য করা জুমার-ঊর্মি প্রথম সেট জিতে নেন ২১-১১ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটেও তারা প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি, জয় পান ২১-১৪ পয়েন্টে।

জুমার-ঊর্মি জুটি শনিবার সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে মালয়েশিয়ার। কোয়ার্টার-ফাইনালে ভারতকে হারিয়ে, সেমি-ফাইনালে থাইল্যান্ডকে উড়িয়ে ভরপুর আত্মবিশ্বাস নিয়ে এখন সামনে তাকিয়ে জুমার।

“আলহামদুলিল্লাহ। ফাইনালিস্ট হওয়া…এটা আসলে বলার কিছু নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে, প্রথমবারের মতো বাংলাদেশ টিম ফাইনাল খেলছে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে। ফাইনালে মালয়েশিয়ার সাথে খেলব। দেখা যাক, কী হয়।”

“(আজ) আসলে আমাদের খেলা ভালো হয়েছে। শরীর ফিট ছিল, গতি ছিল। দুই জনের বোঝাপড়া ভালো ছিল, গেমে বোঝাপড়ায় কোনো ভুল ছিল না। অবশ্যই, ঊর্মি সহযোগিতা করেছে আরও বেশি, যার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি। ফাইনাল নিয়ে প্রত্যাশা…অবশ্যই ভালো খেলার চেষ্টা করব আজকের মতো। বাকিটা আল্লাহ ভরসা।”