Published : 25 Dec 2025, 08:38 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত কয়েক মৌসুমের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান নিউক্যাসল ইউনাইটেডের জন্য দারুণ আশা জাগানিয়া। সেইসব সাফল্যে প্রিমিয়ার লিগে আসছে লড়াইয়ের আগে বাড়তি আত্মবিশ্বাসও পেতে পারে নিউক্যাসল। তবে দলটির কোচ এডি হাউ তার খেলোয়াড়দের কোনোরকম আত্মতুষ্টিতে না ভুগে বরং আরও বেশি সতর্ক হতে বললেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে লিগ কাপের ফাইনালে ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হারের পর থেকে, প্রিমিয়ার লিগে এই দলের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জিতেছে নিউক্যাসল। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা রেড ডেভিলদের বিপক্ষে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতে জিতেছে।
প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে নিজেদের এমন আধিপত্যের চিত্র নিউক্যাসলের জন্য অবশ্যই সুখকর। সেই জয়ের ধারা এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জে বড়দিনের পরদিন আবার তারা ওই দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে।
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে ২০২৩ এর ওয়েম্বলির সেই ফাইনাল নিয়ে হাউয়ের দিকে প্রশ্ন ছুটে গেল। ওই হারের প্রভাব তার দলের ওপর কেমন পড়েছিল, সেই বিষয়ে বিস্তারিত কিছু যদিও বললেন না তিনি।
“সেই মুহূর্ত ছিল কষ্টের। তবে, আমাদের কাজ হলো প্রতিটি দলের বিপক্ষে নিজেদের প্রতি সৎ থেকে মাঠে নামা। (ম্যাচের আগে) আমার কাজের প্রক্রিয়া হলো প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার ওপর নজর দেওয়া।”
“লড়াইয়ে নামার আগে কেউ প্রতিপক্ষের নামের ওপর কিংবা কোনো বিশেষ খেলোয়াড়ের ওপর বাড়তি মনোযোগ দেয় না। আসল কাজ হলো মাঠে নেমে আক্রমণ করা, এরপর (প্রতিপক্ষের) দুর্বল জায়গায় আঘাত করা এবং নিজেদেরকে রক্ষা করা। তাই কোনোকিছুই আসলে বদলায় না, প্রক্রিয়া সবসময় একইরকম থাকে।”
ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় শুক্রবার রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। পূর্বের সাফল্য এই ম্যাচে কোনো সুবিধা দেবে না বলে দলকে সতর্ক করে দিলেন হাউ।
“ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সাম্প্রতিক সময়ের ম্যাচগুলোয় আমাদের রেকর্ড বেশ ভালো। তবে আসছে লড়াইয়ে এসবের কোনো গুরুত্ব থাকবে না।”
“এটা হবে আরেকটা ভিন্ন ম্যাচ এবং যেমনটা আমি বলেছি, আগে থেকে তারা উন্নতি করেছে, (সাম্প্রতিক সময়ের ম্যাচে) তারা সত্যিই দারুণ খেলেছে… এমনকি অ্যাস্টন ভিলার বিপক্ষেও… যেখানে তারা জিততে পারেনি। আমার মতে, ওই ম্যাচে তারা দারুণ শক্তিশালী ছিল এবং ভালো পারফর্ম করেছে।”
গত রাউন্ডে ভিলার মাঠে ২-১ গোলে হেরে যায় ইউনাইটেড। তাতে প্রিমিয়ার লিগে দলটির চার ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে যায়।
প্রিমিয়ার লিগে ইউনাইটেডের চেয়ে ২৪ পয়েন্ট ও ১০ ধাপ এগিয়ে থেকে গত মৌসুম শেষ করে নিউক্যাসল। এবার অবশ্য উল্টো চিত্র, তাদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে আছে হুবেন অ্যামুরির দল।
এবারের লিগে ১৭ রাউন্ড শেষে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নিউক্যাসল।