১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফাইনালের আগে দলের ভূয়সী প্রশংসায় পিএসজি কোচ

ফরাসি ক্লাবটির কোচ লুইস এনরিকের মতে, কোনো একজন তারকার ওপর নির্ভর করে নয়, দল হিসেবে খেলে সাফল্য পাচ্ছেন তারা।

ফাইনালের আগে দলের ভূয়সী প্রশংসায় পিএসজি কোচ
দলের সঙ্গে পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 06:56 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ট্রেবল জয়ের পর এবার ক্লাব বিশ্বকাপ ঘরে তোলার হাতছানিতে পিএসজি। ফরাসি ক্লাবটির সফল এই পথচলায় পুরো দলকে কৃতিত্ব দিয়েছেন কোচ লুইস এনরিকে। বললেন, কোনো একজন তারকার ওপর নির্ভর করে নয়, দল হিসেবে সাফল্যের পথে ছুটছেন তারা। 

২০২৪-২৫ মৌসুমে ফরাসি লিগ, ফরাসি কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি প্রথমবার ক্লাব বিশ্বকাপের ট্রফিতে চুমু আঁকা থেকে এক ধাপ দূরে। ৩২ দলের টুর্নামেন্টের ফাইনালে রোববার চেলসির মুখোমুখি হবে তারা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু মাঠের লড়াই।

পিএসজির গুরুত্বপূর্ণ পালাবদলে অনেক বড় অবদান এনরিকের, অনেকের মতো তিনিই মূল কারিগর। ফুটবল বিশ্বের তিন তারকা লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপে ক্লাবটি ছাড়ার পর তরুণের নিয়ে নতুন করে শুরু করেছেন এই স্প্যানিশ কোচ। তার কোচিংয়ে একের পর এক সাফল্য পেয়েই যাচ্ছে ক্লাবটি।

নিজেকে যদিও পিএসজির এই পুনরুত্থানের মূল কারিগর মনে করেন না এনরিকে। ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দলের সাফল্যের মূল নায়ক খেলোয়াড়রা।

“আমি কোনো তারকা নই…যে কাজ করি সেটাকে ভালোবাসি। নিজের ক্যারিয়ার উপভোগ করি, বিশেষ করে কঠিন সময়ে। যখন কিছু ভালো হয় না, তখন আমি তুলনামূলক ভালো অনুভব করি। আবার সবকিছু যখন ঠিকঠাক হয় তখনও ভালো লাগে, কারণ জয়ের সবচেয়ে ভালো দিক হলো আমাদের অনুসারীদের খুশি করতে পারা। প্রশংসিত হওয়ার চেয়ে সমালোচিত হলেই আমি আরও ভালোভাবে কাজ করতে পারি।” 

দল হিসেবে তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন পিএসজির কোচ এনরিকে।

“কেবল একজন কিংবা দুইজন নয়, আমাদের ১১ জন তারকার দল হতে হবে। এমনকি ১১ জনেরও নয়, ১৩, ১৫ তারকার…আসল তারকা হতে হবে পুরো দল। এই আমাদের ক্লাবের নীতি। শিগগিরই আমরা আবারও হারব, এটা নিশ্চিত। আমরা তারকা চাই, তবে দলের কাজে নিবেদিত।”