নাইটহুড পেয়ে বেকহ্যাম, ‘এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না’
এখন থেকে সাবেক ইংলিশ অধিনায়কের নামের শুরুতে বসবে ‘স্যার।’
খেলাধুলা ও দাতব্যকাজে অবদানের জন্য ‘নাইটহুড’ উপাধি পেয়েছেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম। বিশেষ এই সম্মান পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি।
ব্রিটিশ রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসলে মঙ্গলবার এক অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন ৫০ বছর বয়সী বেকহ্যাম। এখন থেকে তার নামের শুরুতে বসবে ‘স্যার।’
এই সম্মাননা পেয়ে গর্বের শেষ নেই ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদের সাবেক তারকা ফুটবলারের।
“এর চেয়ে বেশি গর্বিত হতে পারতাম না আমি। মানুষ জানে আমি কতটা দেশপ্রেমিক, আমার দেশকে ভালোবাসি।”
উইন্ডসর ক্যাসলে বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া ও বাবা-মাও তার সঙ্গে ছিলেন।
ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচ খেলেছেন বেকহ্যাম, নেতৃত্ব দিয়েছেন ৫৯টিতে। দলটির হয়ে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল দুজন। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপের পাশাপাশি দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে মূল দলে যোগ দিয়ে বেকহ্যাম প্রিমিয়ার লিগ জিতেছেন ছয়টি। ১৯৯৮-৯৯ মৌসুমে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, কাম্প নউয়ে নাটকীয় সেই ফাইনালে শেষ দিকের দুই গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়েছিল ইউনাইটেড।
পরে রেয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, পিএসজি, এসি মিলানের মতো দলগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন সাবেক এই মিডফিল্ডর। ২০১৩ সালে ফুটবলকে বিদায় জানান তিনি।
বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সভাপতি ও মালিকদের একজন বেকহ্যাম। ২০২৩ সালে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে মায়ামিতে চুক্তিবদ্ধ করাতে বড় ভূমিকা রাখেন তিনি।
ফুটবলের বাইরে ২০০৫ সাল থেকে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করাসহ বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানকে সহযোগিতা করে আসছেন বেকহ্যাম।
তার স্টাইলিশ পোশাকের জন্যও বেশ পরিচিত বেকহ্যাম। ১৯৯৮ সালে জিকিউ ম্যাগাজিন তাকে বছরের সবচেয়ে স্টাইলিশ পুরুষ হিসেবে মনোনীত করেছিল।
