Published : 28 Aug 2026, 08:10 PM
ফিফার কাছে অনুরোধ জানিয়ে সফল হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের হয়ে আগেভাগেই মাঠে নামতে পারবেন লেয়ান্দ্রো পারেদেস, নাউয়েল মলিনারা।
গত বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ায় নিষেধাজ্ঞা পান আর্জেন্টিনার তিন ফুটবলার ও একজন কোচ। সবচেয়ে বড় শাস্তি পান পারেদেস। এই মিডফিল্ডারকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। ডিফেন্ডার মলিনা সাত ম্যাচের, ফরোয়ার্ড থিয়াগো আলমাদা এক ম্যাচের নিষেধাজ্ঞা পান। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয় আর্জেন্টিনার কোচদের একজন রবের্তো আয়ালাকে।
সাধারণত এই নিষেধাজ্ঞাগুলো প্রতিযোগিতামূলক ম্যাচে ভোগ করতে হয়। ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় আর্জেন্টিনাকে খেলতে হবে না বাছাইপর্ব। ২০২৮ সালের কোপা আমেরিকার আগে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই তিনবারের বিশ্বকাপ জয়ীদের। তাই ফিফার কাছে এএফএ অনুরোধ করে, যেন নিষেধাজ্ঞাগুলো ‘এ’ শ্রেণির প্রীতি ম্যাচ অথবা অফিশিয়াল ম্যাচে কার্যকর করা হয়, যেটি আগে হয়। তাদের সেই আবেদনে সাড়া দিয়েছে ফিফা।
ওই চারজন তাদের নিষেধাজ্ঞাগুলো এখন প্রীতি ম্যাচেও কাটাতে পারবেন। এএফএ এক বিবৃতিতে জানিয়েছে এই খবর।
নিষেজ্ঞার পাশাপাশি পারেদেস, মলিনাদের জরিমানাও করা হয়। ফিফার নিয়ম ভাঙায় জরিমানা করা হয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকেও।