Published : 05 Jul 2026, 08:36 PM
শেষ ষোলোয় ব্রাজিল ও নরওয়ে যখন খেলবে, তখন অনেকের দৃষ্টি থাকবে গাব্রিয়েল ও আর্লিং হলান্ডের দিকে। ক্লাব ফুটবলে যে এই দুজনের সম্পর্ক ‘সাপে-নেউলে।’ কখনও গাব্রিয়েল খোঁচা দেন হলান্ডকে। নরওয়ে তারকাও সুযোগ পেলে গাব্রিয়েলকে টিপ্পনি কাটতে ছাড়েন না।
উত্তর আমেরিকা বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে, বাংলাদেশ সময় রোববার ২টায় (এএম) নিউ ইয়র্কে মুখোমুখি হবে দুই দল। ২০০২ সাল থেকে ষষ্ঠ শিরোপার হাহাকার চলছে ব্রাজিলের। নরওয়ে কখনও পার হতে পারেনি শেষ ষোলোর বৈতরণী।
প্রথমবারের মতো সেরা আটে জায়গা করে নিতে, নরওয়ে তাকিয়ে থাকবে গোলমেশিন হলান্ডের দিকে। অন্যদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি চাইবেন গাব্রিয়েল জমাট রক্ষণে আটকে রাখুক তারকা স্ট্রাইকারকে।
ক্লাব পর্যায়ে ম্যানচেস্টার সিটির হয়ে হলান্ড ও আর্সেনালের জার্সিতে গাব্রিয়েল মুখোমুখি হয়েছেন অনেকবার। তাদের ব্যক্তিগত টানাপোড়েনের ঘটনাও কারো অজানা নয়। নিউ ইয়র্কে সে ব্যক্তিগত দ্বৈরথে দুজনের কে জয়ী হবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়েরারও তাদের লড়াই উপভোগ করেন। তার মনে হচ্ছে, নিউ ইয়র্কে গাব্রিয়েল ও হলান্ড ভিন্ন উত্তেজনা নিয়ে নামবেন।
"এটি একটি দারুণ লড়াই হবে কারণ তাদের মধ্যে অবশ্যই কিছুটা চাপা উত্তেজনা রয়েছে। তারা একে অপরকে পছন্দ করে না, যা স্বাভাবিক, কারণ প্রতিপক্ষকে পছন্দ করার দরকারও নেই। আমরা আগেও তাদের মধ্যে সংঘর্ষ হতে দেখেছি, তাই এটি অবশ্যই দেখার মতো বিষয় হবে।"
দুজনের মধ্যে এই ঝগড়ার শুরু, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বরের ম্যাচে। ম্যানচেস্টার সিটির জন স্টোনস ৯৮তম মিনিটে আর্সেনালের জালে সমতাসূচক গোল করার পর, হালান্ড বলটি নিয়ে হতাশায় জার্সি দিয়ে মাথা ও মুখ ঢাকতে থাকা গাব্রিয়েলের দিকে জোরে ছুঁড়ে মারেন। বল গিয়ে লাগে গাব্রিয়েলের মাথার পেছনের দিকে। ম্যাচটি ২-২ ড্র হওয়ার পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতার দিকে সেই আলোচিত মন্তব্য করেন হলান্ড। বলেন, “বিনয়ী থাকো।"
গাব্রিয়েল এই লড়াই ফিরিয়ে আনেন গত বছর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে আর্সেনাল বিধ্বস্ত করা ম্যাচে তিনি একটি গোল উদযাপন করেন হলান্ডের মুখের সামনে গর্জন করে।
এরপর এপ্রিলে আর্সেনালের বিপক্ষে সিটির ২-১ ব্যবধানে জেতা ম্যাচে গোল করা হলান্ড ম্যাচ শেষের বাঁশির পর টেলিভিশন ক্যামেরার সামনে ফ্লো রিডার 'গুড ফিলিং' গানটির "ওহ, ওহ, সামটাইমস আই গেট আ গুড ফিলিং" লাইনগুলো গেয়ে উদযাপন করেন; দুষ্টুমির হাসি হেসে।
মে মাসে আর্সেনাল ২৪ বছরের মধ্যে তাদের প্রথম লিগ শিরোপা জেতার পর হলান্ডকে পাল্টা দেন গাব্রিয়েল। লিগ ট্রফি উঁচিয়ে ধরে নিজের একটি ছবি পোস্ট করেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার, যার আবহসংগীত হিসেবে ছিল ফ্লো রিডার সেই একই সুর ও কথা।
গাব্রিয়েল-হলান্ডের এই রোমাঞ্চকর লড়াইয়ের মঞ্চ এবার ক্লাবের আঙিনা থেকে বিশ্বকাপের মঞ্চে।