১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘুরে দাঁড়িয়ে মোহামেডানকে হারাল কিংস

স্বস্তির জয়ে আবাহনীর সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়াল বসুন্ধরা কিংস।

ঘুরে দাঁড়িয়ে মোহামেডানকে হারাল কিংস
বসুন্ধরা কিংসের জয়ের নায়ক ফয়সাল আহমেদ ফাহিম (বামে) ও দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। ছবি: বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 06:05 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধের শেষ দিকে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে সমতায় ফিরল বসুন্ধরা কিংস। ছায়া হয়ে থাকা দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো আলো ছড়ালেন দ্বিতীয়ার্ধে। মোহামেডানকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষস্থান আরও শক্ত করল বসুন্ধরা কিংস। 

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। 

লিগের প্রথম পর্বে দুই দলের মুখোমুখি লড়াই শেষ হয় গোলশূন্য সমতায়।

এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সঙ্গে ব্যবধান ৬ পয়েন্ট করল বসুন্ধরা কিংস; ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ২৮। নতুন কোচ আব্দুল কাইয়ুম সেন্টু দায়িত্ব নেওয়ার পর, প্রথম হারের স্বাদ পাওয়া মোহামেডান ১৭ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

কিংসের বিপক্ষে শুরু থেকে উজ্জীবিত ফুটবল খেলছিল মোহামেডানই। অষ্টাদশ মিনিটে আরিফ হোসেনের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন সৌরভ দেওয়ান। গোলকিপার আনিসুর রহমান জিকো বিপদ বুঝতে পেরে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পথ আগলে দাঁড়ান। তাড়াহুড়া করে সৌরভের নেওয়া শট তার গায়ে লাগে।

২৮তম মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় সাদাকালো জার্সিধারীরা। কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের বাধার মুখে সাইফুল হাসান কোনোমতে টোকায় বল বাড়ান। বাইলাইনের একটু ওপরে বল পেয়ে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভ বুলেট শটে জিকোর পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন। এত দূরূহ কোণ থেকে গোল হজম করার হতাশায় মাথায় হাত ওঠে জিকোর।

বিবর্ণতার খোলস ছেড়ে কিংস বেরিয়ে আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেন বাইলাইনের একটু ওপর থেকে কাটব্যাক করেন বক্সে, ডান পায়ের নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফাহিম।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ শাণানোর চেষ্টা করতে থাকে। ৫৯তম মিনিটে মোজাফ্ফরভের কর্নার লাফিয়ে কর্নার করে দেন জিকো। একটু পর পাল্টা আক্রমণে ওঠা কিংসের ফরোয়ার্ড শাহরিয়ার ইমনের শট গোলকিপারে সুজনের পা ছুঁয়ে পোস্টের বাইরে যায়।

আড়াল ভেঙে দোরিয়েলতন জ্বলে ওঠেন ৬৮তম মিনিটে। নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাম দিয়ে দিয়ে আক্রমণে ওঠে ফাহিম। তার বাড়ানো ক্রস পেয়ে ডান পায়ের ছোঁয়ায় জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লিগে দোরিয়েলতনের গোল হলো ১৬টি।

৭৮তম মিনিটে ছোট কর্নারের পর, সোহেল রানার ক্রসে ছোট বক্সের একটু ওপর থেকে ইমন সাইড ভলি করেন, কিন্তু শট ঠিকঠাক না হওয়ায় দারুণ সুযোগ নষ্ট হয় কিংসের। একটু পর মোহামেডানের আরিফের দুর্বল ভলি গ্লাভসে জমান জিকো।

যোগ করা সময়ে রাকিবের কাটব্যাকে দোরিয়েলতনের শট দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে কর্নার করে দেন সুজন হোসেন। তাতে ব্যবধান না বাড়লেও, মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কিংস।